Thursday | 4 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 4 June 2026 | Epaper
BREAKING: শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার      যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন       বিহারে আইসিইউতে অগ্নিকাণ্ড, নিহত ৪      ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করতে ঐতিহাসিক বিল পাস      বরগুনায় ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার      জামিনে কারামুক্ত সাবেক মেয়র আইভী      মেট্রোরেলের নতুন সময়সূচি: বাড়ছে চলাচলের সময়      

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করতে ঐতিহাসিক বিল পাস

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:৩৭ এএম   (ভিজিট : ২৫)
ফাইল ছবি।

ফাইল ছবি।

মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করতে একটি ঐতিহাসিক বিল পাস হয়েছে। বুধবারের এই ভোটাভুটি প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ বিভেদকে আবারও প্রকাশ্যে এনেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণের এটি ছিল প্রতিনিধি পরিষদের চতুর্থ প্রচেষ্টা। সমালোচকদের দীর্ঘদিনের অভিযোগ- কংগ্রেসের কোনো ধরনের অনুমোদন ছাড়াই ট্রাম্প এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

প্রতিনিধি পরিষদে বিলটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির চার জন আইনপ্রণেতা সমর্থন দেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের সাথে সুর মেলানো এই চার রিপাবলিকান হলেন- থমাস ম্যাসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন। এছাড়া, অতীতে এই ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ডেমোক্র্যাট সদস্য জ্যারেড গোল্ডেনও এবার বিলের পক্ষে ভোট দিয়েছেন।

ভোটের পর মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি টম ব্যারেট বলেন, 'কেবল কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার অধিকার রয়েছে এবং আমাদের অবশ্যই এটি রক্ষা করতে হবে। আমি আমার বিবেক অনুযায়ী ভোট দিয়েছি এবং এর যেকোনো পরিণতির মুখোমুখি হতে আমি প্রস্তুত।'

প্রতিনিধি পরিষদে পাস হলেও বিলটি কার্যকর হতে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন। তবে সিনেটে পাস হলেও এই যুদ্ধ পুরোপুরি বন্ধ করা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলে ভেটো (নাকচ) দেওয়ার ক্ষমতা রাখেন। আর প্রেসিডেন্টের সেই ভেটো বাতিল করতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, যা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন।

এর আগে গত মে মাসে মার্কিন সিনেট একই ধরনের একটি প্রস্তাবের অগ্রগতি ঘটালেও সেটি এখনো চূড়ান্ত ভোটের জন্য অপেক্ষমাণ রয়েছে।

হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস এই ভোটকে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ ও ব্যয়বহুল যুদ্ধের বিরুদ্ধে একটি দ্বিপক্ষীয় কড়া থাপ্পড়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, 'এটি যুদ্ধ বন্ধের প্রথম পদক্ষেপ।'

মিকস আরও অভিযোগ করেন, ট্রাম্প যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। উল্টো দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন এবং ইরানের পরমাণু কর্মসূচির কূটনৈতিক সমাধানকে আরও জটিল করে তুলেছেন।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ইরানে একাধিকবার হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের বাহিনীও মার্কিন মিত্র কুয়েতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তবে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শেষ করার আলোচনা ‘খুব ভালো’ চলছে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই একটি চুক্তি চূড়ান্ত হতে পারে। হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা গত রাতে এবং তার আগের রাতেও তাদের ওপর বেশ জোরালো আঘাত হেনেছি। আমাদের কঠোর পদক্ষেপের কারণে তারা কিছুটা উসকে গেছে এবং পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে। তবে আমাদের প্রশাসনের বেশির ভাগ সদস্যই সবাইকে না মেরে দ্রুত এই সংকটের অবসান চান। তাত্ত্বিক ভাবে, তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করার খুব কাছাকাছি রয়েছে।’

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মিত্রদের জন্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন নিয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসে রক্ষণশীলদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছিল ট্রাম্প প্রশাসন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে এই ধাক্কা ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলল।

সূত্র: বিবিসি।

এমএ


সম্পর্কিত   বিষয়:  ইরান   যুদ্ধ    ট্রাম্প   বিদ্রোহ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close