দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্যহার সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খরচসহ বিভিন্ন পণ্য ও সেবার বাজারে পড়তে পারে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো পৃথক মন্তব্য পাওয়া যায়নি।