কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে দুইটি ডিঙি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা সকাল ৭টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যান। দুপুরে মাছ শিকার শেষে ফেরার পথে নদীর মোহনা এলাকায় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাবরাংয়ের পাঁচজন ও শাহপরীরদ্বীপের দুই জেলেসহ মোট সাতজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।”
ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুবই গরিব মানুষ। তারা মাছ ধরতে না পারলে আমাদের সংসার চলে না। দ্রুত তাদের ফেরত চাই।”
নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, “আমার নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা খুবই দরিদ্র। দ্রুত তাদের ফিরিয়ে আনার দাবি জানাই।”
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, “ঘটনার খবর পেয়েছি। জেলেদের দ্রুত ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এএইচএসইউ/এসআর