সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু আসাবুর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রবিউল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৫ মার্চ) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর কুমারখালী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ রবিউল ইসলামকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তিনি দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে জেলেদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
জেইউ/আরএন