সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটক ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা বলে জানা গেছে। জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এর আগে গত ১০ মার্চ সুন্দরবনে পৃথক এক অভিযানে অস্ত্র ও গুলিসহ আরেক দস্যুকে আটক করে কোস্ট গার্ড।
জেডইউ/ এসআর