সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোঃ বিল্লাল ওরফে ফান্টু বিল্লালকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম। এর আগে শনিবার রাতে সাভার পৌরসভার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ বিল্লাল সাভার পৌরসভার মজিদপুর ছোট বলি মেহের এলাকার বাসিন্দা আব্দুল গনির ছেলে। সে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী এবং স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত দুটি মামলার এজাহারনামীয় আসামিসহ মোট তিনটি মামলায় অভিযুক্ত। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ভোল্ট পাল্টে স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় নতুন করে মাদক নিয়ন্ত্রণ শুরু করেন। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের ফলে তার সেই কৌশলও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, বিল্লাল দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে সাভার পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে আসছিলেন। ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য মাদক সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট তার হাত ধরেই পরিচালিত হতো।
এলাকাবাসীদের দাবি, বিল্লাল সাভার পৌরসভার সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং বর্তমানে কারাগারে থাকা রুবেল মন্ডলের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী মহলের ছত্রছায়ার কারণে এতদিন তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী বিল্লাল এলাকায় বিপুল পরিমাণ মাদকের সিন্ডিকেট পরিচালনা করতো। তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা করা হবে।
ওএফ/এসআর