চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার নদীর সার্তারঘাট থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, 'হালদায় অভিযান চালিয়ে দুটি চরঘেরা জাল ও একটি ভাসা জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার এবং আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। অবৈধ জালগুলো মুন্সিরহাট সংলগ্ন হালদা পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।'
অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও হালদা নৌ পুলিশ ক্যাম্পের এ এস আই রমজান আলী।
ইউএন/এমএ