রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে আরও অন্তত ৫০ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ ও মহানগরের নাগরিক পরিষেবাবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই।
বৈঠকে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। একই সঙ্গে মহানগরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট ব্যবস্থা চালুর তাগিদ দেন তিনি।
সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় বর্তমানে ব্যবহৃত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার প্রসঙ্গ তুলে ধরে হর্ন নিয়ন্ত্রণেও কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজধানীতে হাইড্রোলিক হর্ন ও যত্রতত্র হর্ন বাজানোর প্রবণতা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএ