ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২২ জন বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল প্রেসক্লাব।
শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. মতিউর রহমান।
সম্মাননাপত্র উপস্থাপন করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
সংবর্ধনা পাওয়া বিসিএস ক্যাডারদের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক, এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো. আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজওয়ান, ফয়সাল আহম্মদ, আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহসহ মোট ২২ জন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে নবীন বিসিএস কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও তাদের অবদান রাখতে হবে। ত্রিশালকে একটি মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নেও তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।
এএস/এসআর