ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম
X

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন।

সাংগঠনিক কাজে পর্যাপ্ত সময় দিতে না পারা, শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না—এমন কারণ উল্লেখ করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি আরও উল্লেখ করেন, বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক নানা ব্যস্ততার কারণে বর্তমানে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রমের গতি যেন ব্যাহত না হয়, সে চিন্তা থেকেই তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলার নেতাকর্মীদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোলাম কিবরিয়া তাপস জানান, গত ২ জুলাই লিখিত আবেদন করে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটি থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাননি। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

অন্যদিকে, এনসিপি জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান জানান, সাংগঠনিক কাজে সময় দিতে না পারা, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে গত ১১ জুলাই তিনি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনিও জানান, এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা উত্তর পাননি।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের একসঙ্গে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও আলোচনা করছেন।

তবে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির দায়িত্বশীল যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবীর বলেন, "দলের মধ্যে কোনো ধরনের অভ্যন্তরীণ কোন্দল নেই। ব্যক্তিগত কারণেই তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।"

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝