চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরিফ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাটহাজারী–অক্সিজেন মহাসড়কের ফতেয়াবাদ সংলগ্ন গার্লস স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ উপজেলার উত্তর মাদার্শা এলাকার রহমত ঘোনার আবদুর শুক্কুরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মো. আরিফ তার মামার মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএন/আরএন