তামাকমুক্ত তারুণ্য গড়তে তরুণ প্রজন্মকে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তরুণদের তামাক থেকে দূরে রাখতে কেবল মৌখিক বক্তব্য নয়, বরং তাঁদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলেও তিনি জানান।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, আইডিয়া জেনারেশন ও স্টার্টআপ ফান্ডিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। স্কুল বা কলেজের শিক্ষার্থীদের ভালো উদ্ভাবনী ধারণা থাকলে সরকারি অর্থায়নে তা বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে, যাতে অর্থ জমা না রেখেই কেবল ভালো ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে সরকারি ফান্ডিং নিয়ে উদ্যোক্তা হওয়া যায়। সুস্বাস্থ্য, সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের সাথে তামাকমুক্ত জীবনযাপন সরাসরি জড়িত, এ কথা জানিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে তামাকমুক্ত তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।
রোববার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইয়ুথ ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত 'তামাকের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষা: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তামাক নিয়ন্ত্রণ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে কেবল সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন জানিয়ে মাহ্দী আমিন বলেন, সরকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করবে, তবে পরিবারে অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদেরও অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তামাকজাত পণ্য থেকে নিরুৎসাহিত হয়, সেজন্য সবাইকে মিলে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কারও কাছে তামাক বিক্রি নিষিদ্ধ, এই আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি কৌতূহল, বন্ধুত্বের প্রভাব বা সামাজিক চাপের কারণে তরুণদের তামাকে ঝুঁকে পড়া ঠেকাতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিনি স্পষ্টভাবে চান তারুণ্য যেন কোনোভাবেই তামাকের সংস্পর্শে না আসে। এ লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন মাহ্দী আমিন।
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর সারাদেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন বিষয় হিসেবে যুক্ত করা হচ্ছে।
সহশিক্ষা ও সৃজনশীল চর্চার প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাব, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি এবং রোভার স্কাউট কার্যক্রমকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। সারাবছর আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কিরাত তেলাওয়াত, চিত্রাঙ্কন, সংগীত ও সংস্কৃতি চর্চার মতো ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ব্যস্ত রাখা এবং প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথাও জানান তিনি। কেবল ভালো শিক্ষার্থী হওয়া বা সার্টিফিকেট অর্জনের চেয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা ও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্যতা অর্জনে জোর দিয়ে উপদেষ্টা জানান, আগামী শিক্ষাবর্ষের সংস্কারে ইন্টারপারসোনাল স্কিলস, টিমওয়ার্ক এবং ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের নানা উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারেন।
এ ছাড়া উচ্চশিক্ষায় যেকোনো বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে- ‘মূল্যবোধ ও নীতিমালা’, যেখানে সুনাগরিক হওয়ার পাশাপাশি তামাক থেকে দূরে থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে; এবং ‘ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন’, যেখানে সিভি লেখা, ইন্টারভিউ দেওয়া ও যোগাযোগ দক্ষতা শেখানো হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে আলাদা ক্যারিয়ার সার্ভিস অফিস ও নিয়মিত জব ফেয়ার চালুর কথাও জানান তিনি।
তামাকবিরোধী লড়াইয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাল্যবিবাহ, এসিড সন্ত্রাস বা শিশুশ্রম প্রতিরোধে যেমন সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে, তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে বাঁচাতেও ঠিক তেমন সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে, দেশকে এগিয়ে নিতে তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের সর্বোচ্চ ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তাঁদের ক্ষমতায়নই বাংলাদেশের ক্ষমতায়ন উল্লেখ করে তিনি বলেন, তরুণরা যত ভালো থাকবেন, দেশও তত ভালো থাকবে।
রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তিমত্তা হিসেবে তরুণ জনশক্তিকে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, তাত্ত্বিক, বাস্তবিক ও পরিসংখ্যানগত সব দিক থেকেই তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। আগামী দিনের নীতিনির্ধারণী পর্যায় ও উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতিহাসের প্রতিটি পর্যায়ের মতো জুলাই গণঅভ্যুত্থানেও তরুণ-তরুণীরা অত্যন্ত বড় ভূমিকা রেখেছেন। জাতির সবচেয়ে বড় আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই তারুণ্যকে ঘিরেই আবর্তিত।
তামাক নিয়ন্ত্রণে ‘নারী মৈত্রী’র দাবি ও প্রত্যাশার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত এসব দাবি রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। তামাকের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান রয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন যে তরুণ প্রজন্ম, তাঁদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা জরুরি।
সঠিক নীতি প্রণয়নের পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেন মাহ্দী আমিন। তাঁর মতে, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন উভয়ই একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের সুযোগ থাকে, তবে তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রক্রিয়াগতভাবে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টিতে সুনজর রয়েছে এবং সরকারের সব পর্যায়ে এ নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আগামী জানুয়ারি মাস থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে, যা পর্যায়ক্রমে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত চালু হবে। তিনি উল্লেখ করেন, সপ্তম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে তামাকের ক্ষতিকর দিক ও সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন। পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো যুক্ত হলে শিক্ষার্থীদের মাঝে শুরু থেকেই সচেতনতা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস-চেয়ারপার্সন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।
এসএ