লক্ষ্মীপুরে মফিজ উল্যা (৮১) নামে এক বৃদ্ধের মরদেহ দাফন না করে সম্পত্তির জন্য মারামারি, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে দাফন করা হয়।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে। মৃত মফিজ চাঁদখালী গ্রামের বেপারী বাড়ির জালাল আহমেদের ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তিনি তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরদেহটি ফ্রিজিং ভ্যানে থাকার এক দিন পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বুধবার দুপুরে মনিরের বাড়ির কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক, বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যান এবং ভাঙচুর ও মারামারি করেন। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার পর থেকে নাজমুন নাহারকে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্য দেখা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মফিজ উল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতেন। এর আগে জমি নিয়ে তার সন্তানদের মাঝে বিরোধ তৈরি হয়। তা নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই মফিজকে মনিরের বাড়িতে থাকতে হতো। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই বৃদ্ধের মৃত্যুর পর মরদেহ বাড়িতে থাকা অবস্থায় হামলা-ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক জানান, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর ও হামলা করেছে। তা তারা জানেন না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় কোনো অভিযোগ দেননি।
টিআই