সবুজ ফসলের মাঠ। কোথাও ঘাসের শিষে বসে খাবার খাচ্ছে রঙিন পাখি, কোথাও দল বেঁধে উড়ছে আকাশে। কখনো ডানা ঝাপটে এক মাঠ থেকে অন্য মাঠে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ফিরে আসছে আগের জায়গায়। পাখিগুলোর মাথায় গোলাপি আভা, শরীরজুড়ে সবুজের ছোঁয়া। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন সকালেই ভিড় করছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা।
নওগাঁর বদলগাছী উপজেলার দোনাইল গ্রামের ফসলের মাঠে দেখা মিলছে বিরল সৌন্দর্যের হীরামন টিয়ার। পাখিগুলোর অবাধ বিচরণ আর রঙিন ডানার সৌন্দর্য উপভোগ করতে নওগাঁ ছাড়াও ঢাকা, রাজশাহী, জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন আলোকচিত্রীরা। কেউ স্থিরচিত্রে, কেউবা ভিডিওতে ধারণ করছেন প্রকৃতির এই অপূর্ব মুহূর্ত।
শীতের আগমনী আবহে হেমন্তের শিশিরভেজা সকালে দোনাইল গ্রামের মাঠ যেন হয়ে উঠেছে পাখিদের আপন ঠিকানা। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে খাবারের সন্ধানে মাঠে নামে হীরামন টিয়ার ঝাঁক। ঘাসের দানা ও শস্যবীজ খেতে খেতে কখনো দল বেঁধে ছড়িয়ে পড়ে ফসলের জমিতে। মানুষের উপস্থিতি টের পেলেই মুহূর্তে উড়ে যায় অন্যত্র। কিছুক্ষণ পর আবারও ফিরে আসে।
পাখির এমন স্বাভাবিক বিচরণ দেখতে প্রতিদিন সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ সেখানে উপস্থিত হন। কারও হাতে দামি ক্যামেরা, কারও হাতে ভিডিও ধারণের সরঞ্জাম। দূরত্ব বজায় রেখে পাখির গতিবিধি অনুসরণ করেন তাঁরা। একটি সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে কখনো কখনো দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয়।
ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা আলোকচিত্রীরা বলছেন, প্রকৃতির কোলে এমন রঙিন পাখির ঝাঁক একসঙ্গে দেখা সত্যিই আনন্দের। শহরের ব্যস্ততা পেরিয়ে গ্রামের ফসলের মাঠে এসে পাখির এই বিচরণ উপভোগ করা তাঁদের কাছে অন্য রকম অভিজ্ঞতা।
বদলগাছীর বার্ড ফটোগ্রাফার সঞ্জয় কুমার বলেন, এ বছর এলাকায় প্রায় দেড় থেকে দুই হাজার হীরামন টিয়া দেখা মিলেছে। মূলত খাবারের সন্ধানেই পাখিগুলো এখানে আসে। কয়েক মাস অবস্থানের পর আবার অন্যত্র চলে যায়। পাখিগুলোর সৌন্দর্য ও বিচরণ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আলোকচিত্রীরা আসছেন।
স্থানীয় পাখিপ্রেমী যুবক আরিফ আফরানের উদ্যোগেও দোনাইল গ্রামের মাঠে তৈরি হয়েছে পাখিদের খাবারের অনুকূল পরিবেশ। হীরামন টিয়ার বিচরণ ধরে রাখতে তিনি নিজের খরচে জমিতে চাষ করেছেন বিদেশি ঘাস। সেই ঘাসের বীজ ও দানা খেতেই প্রতিদিন ভোরে হাজির হয় পাখির দল।
আরিফ আফরান জানান, তাঁর জমিতে পাখিদের আনাগোনা দেখতে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন আলোকচিত্রী আসেন। এ পর্যন্ত শতাধিক আলোকচিত্রী এখানে এসে হীরামন টিয়ার ছবি তুলেছেন। পাখিগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়তে দেখে তিনি আনন্দিত।
স্থানীয়দের কাছে পাখিগুলো হীরামন টিয়া নামে পরিচিত হলেও পাখিবিষয়ক সূত্রে এর নাম প্লাম-হেডেড প্যারাকিট। পুরুষ পাখির মাথায় গোলাপি ও ফ্যাকাশে নীলের মিশ্রণ, ঘাড়ে কালো বলয় এবং শরীরের বেশির ভাগ অংশ সবুজ। স্ত্রী পাখির মাথা তুলনামূলক ধূসরাভ নীল এবং ঘাড়ে কালো বলয় থাকে না। দৈর্ঘ্যে প্রায় ৩০ সেন্টিমিটার হওয়া এই পাখির সৌন্দর্যের মূল আকর্ষণ মাথার রং ও লম্বা লেজ।
বাংলাদেশে টিয়া পাখির সাতটি প্রজাতির মধ্যে এটি একটি। দেশের বিভিন্ন বনাঞ্চলে এদের দেখা মেলে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণ আসাম, পাকিস্তান এবং উত্তর মিয়ানমারে এদের বিস্তৃতি রয়েছে। সাধারণত শস্যবীজ, ছোট ফল ও ফুলের পাপড়ি এদের প্রধান খাবার। গাছের প্রাকৃতিক কোটরে বাসা তৈরি করে। প্রজনন মৌসুম জুলাই-আগস্ট। এ সময় স্ত্রী পাখি চার থেকে পাঁচটি ডিম পাড়ে।
হীরামন টিয়া স্বভাবে বেশ সতর্ক ও লাজুক। মানুষের উপস্থিতি বুঝতে পারলে দ্রুত উড়ে যায়। তাই পাখির ছবি তুলতে গিয়ে আলোকচিত্রীরা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। পাখিগুলোর স্বাভাবিক বিচরণে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সচেতন থাকা জরুরি।
একসময় রূপকথার গল্পে রাজকন্যা কিংবা রানিদের প্রিয় পাখি হিসেবে হীরামনের উল্লেখ পাওয়া যেত। সেই গল্পের পাখির বাস্তব দেখা মিলছে এখন বদলগাছীর দোনাইল গ্রামের ফসলের মাঠে। রঙিন পাখির এই আগমন শুধু আলোকচিত্রীদের আকর্ষণ করছে না, স্থানীয় প্রকৃতিতেও যোগ করেছে নতুন মাত্রা। তবে এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখতে হলে পাখির নিরাপদ বিচরণ ও খাদ্যের পরিবেশ সংরক্ষণ করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
কাজী কামাল হোসেন / এফএস