ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের ছাইচের ছড়াছড়ি, হুমকিতে মাটি ও জীববৈচিত্র্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাছ ধরার কাজে প্লাস্টিকের ছাইচের অতিরিক্ত ব্যবহার নতুন পরিবেশগত উদ্বেগ তৈরি করেছে। ব্যবহারের পর এসব ছাইচ যত্রতত্র ফেলে রাখায় দূষিত হচ্ছে হাওরের পানি ও আশপাশের কৃষিজমি। পাশাপাশি মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুমকির মুখে পড়তে পারে জলজ প্রাণী ও সামগ্রিক জীববৈচিত্র্য।

সরেজমিনে হাওর-সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষিজমি, জলাশয়ের পাড় ও তীরবর্তী স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য ব্যবহৃত ও পরিত্যক্ত প্লাস্টিকের ছাইচ। কোনো কোনো এলাকায় প্রতি শতক জমিতে চার থেকে পাঁচটি ছাইচ পড়ে থাকতে দেখা গেছে। দীর্ঘদিন ব্যবহারের পর নষ্ট হয়ে যাওয়া এসব প্লাস্টিক সরিয়ে না ফেলায় ক্রমেই বাড়ছে বর্জ্যের পরিমাণ।

স্থানীয়ভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্লাস্টিকের এসব ছাইচ নষ্ট হয়ে গেলে অনেকেই সেগুলো হাওরের পানি কিংবা আশপাশের জমিতে ফেলে রাখেন। ফলে রোদ, বৃষ্টি ও পানির সংস্পর্শে প্লাস্টিক ক্ষয় হয়ে ক্ষুদ্র কণায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কণা পানির সঙ্গে মিশে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। এতে জলজ খাদ্যশৃঙ্খল ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসয়াদ বিন খলিল রাহাত বলেন, ‘প্লাস্টিকের ছাইচ চাষাবাদের জমিতে মিশে গেলে মাটির উর্বরতা কমতে পারে এবং মাটি দূষিত হতে পারে। এ ছাড়া এসব প্লাস্টিক জলাশয়ের পানিতে মিশে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্যের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

পরিবেশবিদ মেহেদী হাসান শাওন বলেন, ‘প্লাস্টিকের ছাইচে শুধু মাছই আটকে থাকে না, অন্যান্য জলজ প্রাণীও আটকে মারা যায়। জলাভূমিতে এসব প্লাস্টিক জমতে থাকলে জলজ উদ্ভিদ, মাছ, পাখিসহ বিভিন্ন প্রাণীর স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরের মতো জলাভূমিতে প্লাস্টিক বর্জ্যের বিস্তার দীর্ঘমেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।’

সংশ্লিষ্টদের মতে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় মাছ ধরার কাজে প্লাস্টিকের ছাইচ ব্যবহারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নষ্ট ও পরিত্যক্ত ছাইচ নির্দিষ্ট স্থানে সংগ্রহের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে হাওরের পানি ও তীরবর্তী এলাকায় প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি প্রয়োজন।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে উদ্যোগ না নিলে ভবিষ্যতে হাওরের মাটি, পানি ও জলজ প্রাণীর ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে। তাই টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একে/ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝