ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বরফ ছাড়াই ‘আল্পস’, খনির বর্জ্যে তৈরি যুক্তরাজ্যের বিস্ময়কর পাহাড়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বরফে ঢাকা পাহাড় নয়, অথচ নাম ‘আল্পস’। কোথাও সাদা পিরামিডের মতো পাহাড়, কোথাও সবুজাভ নীল পানির বিশাল জলাধার। যুক্তরাজ্যের কর্নওয়ালের এই বিস্ময়কর ভূদৃশ্য যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। তবে এসব পাহাড় প্রাকৃতিক নয়। প্রায় আড়াই শতাব্দীর খনিজ উত্তোলনের ফলে তৈরি হয়েছে এই অনন্য ভূখণ্ড। একসময় খনিশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত এলাকাটি এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্নওয়ালে অবস্থিত এই এলাকার নাম ‘কর্নিশ আল্পস’। প্রায় ৩৫ বর্গমাইলজুড়ে বিস্তৃত অঞ্চলটি স্থানীয়দের কাছে ‘ক্লে কান্ট্রি’ নামেও পরিচিত। এখানকার সাদা পাহাড়গুলো মূলত চায়না ক্লে বা কাওলিন উত্তোলনের পর জমে থাকা খনিজ বর্জ্য দিয়ে তৈরি।

‘সাদা সোনা’র ইতিহাস


১৭৪৬ সালে রসায়নবিদ উইলিয়াম কুকওয়ার্থি কর্নওয়ালে চায়না ক্লের সন্ধান পান। চীনামাটির বাসন তৈরির বিকল্প উপাদান খুঁজতে গিয়ে তিনি এই খনিজের গুরুত্ব বুঝতে পারেন। পরবর্তী সময়ে বিভিন্ন শিল্পে এর ব্যবহার ছড়িয়ে পড়ে। টুথপেস্ট, প্রসাধনসামগ্রী ও চীনামাটির বাসন তৈরিতে ব্যবহৃত হওয়ায় স্থানীয়দের কাছে খনিজটি ‘সাদা সোনা’ নামে পরিচিতি পায়।

১৯১০ সালের দিকে বিশ্বের মোট চায়না ক্লে উৎপাদনের প্রায় ৫০ শতাংশই আসত কর্নওয়াল থেকে। সে সময় বছরে এই খনিজের উৎপাদন ছিল প্রায় ১০ লাখ টন।

ফিরোজা জলাধার ও সাদা পাহাড়


খননকাজের ফলে তৈরি হওয়া বিশাল গর্তে পানি জমে সৃষ্টি হয়েছে নীলাভ ও ফিরোজা রঙের জলাধার। দূর থেকে এগুলো দেখতে কানাডার রকি পর্বতমালার হিমবাহের হ্রদের মতো। তবে সৌন্দর্য দেখে আকৃষ্ট হলেও এসব জলাধারে সাঁতার কাটা বিপজ্জনক এবং নিষিদ্ধ।

এ অঞ্চলের অন্যতম বিখ্যাত পাহাড় ‘স্কাই টিপ’। ১৯৩০-এর দশক থেকে খনির বর্জ্য জমিয়ে তৈরি করা হয় এই পাহাড়। ২০১৪ সালে পাহাড়টি সমতল করার প্রস্তাব উঠলে প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পাহাড়টি রক্ষা পায়। বর্তমানে এর চূড়ায় উড়ছে কর্নওয়ালের পতাকা।

খনিভূমিতে ফিরছে প্রকৃতি


খনিশিল্পের ব্যস্ততা কমে আসায় পরিত্যক্ত এলাকাগুলোতে ধীরে ধীরে ফিরে আসছে প্রকৃতি। ২০২৫ সালে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইমেরিস নতুন করে ২১ মাইল বা প্রায় ৩৪ কিলোমিটার হাঁটার পথ খুলে দেয়। আগের পথগুলোসহ বর্তমানে এ অঞ্চলে প্রায় ৬২ কিলোমিটার পথ রয়েছে। এসব পথে হাঁটা, সাইকেল চালানো ও ঘোড়ায় চড়ার সুযোগ রয়েছে।

ডাবার্স এলাকায় ২০২৪ সালের শেষ দিকে এক লাখের বেশি দেশীয় প্রজাতির গাছ লাগানো হয়। এর ফলে এলাকাটিতে বন্যপ্রাণীর আনাগোনাও বেড়েছে। এখন সেখানে দেখা মেলে লাল হরিণ, ডরমাউসসহ বিভিন্ন প্রজাতির পাখির।

এ ছাড়া একসময় খনি হিসেবে ব্যবহৃত বডেলভা পিটে গড়ে উঠেছে বিশ্বখ্যাত ‘ইডেন প্রজেক্ট’। এখানে কাচের বিশাল গম্বুজের নিচে তৈরি করা হয়েছে উষ্ণমণ্ডলীয় বনভূমি। রয়েছে প্রায় ৩০ একরজুড়ে বিস্তৃত বাগান। প্রকৃতি, পরিবেশ ও উদ্ভিদবৈচিত্র্য নিয়ে আগ্রহীদের কাছে এটি অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।

খনিশিল্পের গুরুত্ব অবশ্য এখনো কর্নওয়ালের অর্থনীতিতে রয়ে গেছে। বছরে স্থানীয় অর্থনীতিতে এ শিল্পের অবদান প্রায় চার কোটি পাউন্ড।

একসময় যে পাহাড়গুলোকে খনির বর্জ্য হিসেবে দেখা হতো, সেগুলোই এখন কর্নওয়ালের গর্ব ও পর্যটন আকর্ষণ। শিল্পের ইতিহাস, স্থানীয় মানুষের স্মৃতি এবং প্রকৃতির পুনরুজ্জীবনের গল্প মিলিয়ে কর্নিশ আল্পস হয়ে উঠেছে যুক্তরাজ্যের এক অনন্য ভূদৃশ্য। মানুষের শিল্পায়ন কীভাবে একটি অঞ্চলের চেহারা বদলে দিতে পারে, আবার সময়ের সঙ্গে সেই ভূখণ্ডে কীভাবে প্রকৃতি ফিরে আসতে পারে, কর্নিশ আল্পস তারই এক বিস্ময়কর উদাহরণ।

সূত্র: বিবিসি ট্রাভেল

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝