বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। এতে সেন্ট মার্টিনে অবস্থানরত প্রায় এক হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এ সময় তাদের সার্বিক নিরাপত্তা ও দেখভাল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসহ অন্যান্য নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজ চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবারের অগ্রিম টিকিট কাটা পর্যটকদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)। সংগঠনটির সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকেরা একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। অন্যথায় ভ্রমণে অনিচ্ছুক পর্যটকেরা টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এফএস