নাশকতার মামলায় অভিযুক্ত আমিনবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেলিম মেম্বারকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আমিনবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি সেলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম আমিনবাজার ইউনিয়নের আমবর আলীর ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
এফএস