ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। এসব ঘটনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পাল্টাপাল্টি প্রচার, পুরোনো ঘটনা ও ছবি-ভিডিও ছড়িয়ে রাজনৈতিক বিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করা হচ্চছে।
গত এক সপ্তাহ ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারদলীয়, বিরোধীদলীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি অনলাইন অ্যাক্টিভিস্টদের বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য ও প্রচার চালাতে দেখা গেছে। পুরোনো ঘটনা, ছবি ও ভিডিও নতুন করে সামনে আনা হচ্ছে। একই সঙ্গে ভুয়া তথ্য, সম্পাদিত ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টের ব্যবহার রং চড়ানো হচ্ছে। এসব পোস্টকে কেন্দ্র করে অনলাইনে চলছে বিষোদ্গার ও সমালেচনা বা প্রতিহিংসার রাজনীতি।
অনলাইনে ছড়ানো উসকানিমূলক প্রচারের পর বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের ঘটনাও ঘটেছে। রাজনৈতিক নেতা, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রভাবশালীদের বক্তব্য জনমতকে প্রভাবিত করছে। এতে রাজনৈতিক বিরোধের পাশাপাশি প্রতিশোধের প্রবণতাও বাড়ছে।
এআই দিয়ে তৈরি ছবি ও পুরোনো ভিডিও ছড়িয়ে গুজব
ফেসবুকে এআই দিয়ে সম্পাদিত ছবি ও অপতথ্য ছড়িয়ে গুজব তৈরির অভিযোগ উঠেছে। এসব ছবি ও তথ্য অনলাইন অ্যাক্টিভিস্টদের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি অনলাইন অ্যাক্টিভিস্ট শেখ জামাল কয়েকটি এআই-সম্পাদিত ছবি শেয়ার করে লিখেছেন, “বিএনপির ২০০১-২০০৬ পর্যন্ত সেই হিন্দুদের নির্যাতন, লুটপাট, বাড়িঘরে আগুন ও ধর্ষণ আবারও শুরু করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
একই দলের আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার একটি পুরোনো ভিডিও শেয়ার করে লিখেছেন, “কবিরুল হক মুক্তি ভাইয়ের বাড়িসহ আরও ২০০ বাড়ি পুড়িয়ে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা।”
গণমাধ্যমের ভূমিকা নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য
চলমান পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ফেসবুকে দেওয়া এক পোস্টে জবান সম্পাদক রেজাউল করিম রনি বলেছেন, কিছু গণমাধ্যম ও কথিত বুদ্ধিজীবী ফ্যাসিস্ট, গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে যতটা সচেতন, দলটির নাশকতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তার সিকি ভাগও সচেতন নন।
তিনি আরও বলেন, বাসে আগুনে যে হেলপার অঙ্গার হয়ে গেলেন এবং যে বিএনপি কর্মীদের হত্যা করা হলো, তাদের জীবনের অধিকার নিয়ে তারা কথা বলেন না। সমাজ থেকে এদের বুদ্ধিবৃত্তিকভাবে অচ্ছুৎ করে ফেলতে হবে। এমনভাবে মাটিতে নামিয়ে আনতে হবে, যেন তাদের দেখে অচ্ছুৎ ব্যক্তিও ‘আহারে’ বলে ওঠেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে রেজাউল করিম রনি বলেন, গণমাধ্যমও সন্ত্রাস উসকে দেওয়ার কাজ করে। দেশি-বিদেশি গণমাধ্যমের ইতিহাস পর্যালোচনা করলে এমন উদাহরণ পাওয়া যায়। ‘ওয়ার অন টেরর’-এর রাজনীতি গণমাধ্যমের মাধ্যমেই বিস্তার লাভ করেছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তি, দল ও ভিন্নমতকে হেয় ও দমন করতে বিভিন্ন চক্র সক্রিয় হয়ে উঠছে। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি হুজুগে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস একে একে সবার দিকে ধেয়ে আসছে। আজ আপনি, কাল আমি, পরশু আরেকজন, এভাবেই ওরা টার্গেট করেছে। ওদের নৈরাজ্য বন্ধ করতে জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় সম্মিলিত প্রতিরোধের বিকল্প নেই।’
ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।’
নড়াইলে অগ্নিসংযোগ নিয়ে প্রশ্ন
নড়াইল-১ আসনে অগ্নিসংযোগের ঘটনা এবং এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রকৌশলী ও লেখক কল্লোল মোস্তফা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “‘বিক্ষুব্ধ জনতা’ কি মিডিয়ার কাছে বিএনপির নতুন পরিচয়?”
তিনি বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটিয়েছে, যা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব ঘটনার বিরুদ্ধে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া এবং সুনির্দিষ্টভাবে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা।
তবে সরকারি দল বিএনপির নেতাকর্মীরা নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে যেভাবে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছেন, সেটিও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন তিনি।
কল্লোল মোস্তফা বলেন, এক সন্ত্রাসী তৎপরতার বিপরীতে আরেক সন্ত্রাসী তৎপরতা চলতে থাকলে দেশে ভয়াবহ নৈরাজ্য তৈরি হবে, যা কারও জন্য মঙ্গলজনক হবে না।
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনে আতঙ্কে সাধারণ মানুষ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গণপরিবহনে চলাচলকারী যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
টিআই