ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচন
বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখের গণসংযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম
X

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের মধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মাঠে সক্রিয় হয়েছেন সদ্য সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুল জলিল শেখ। গণসংযোগ, কুশল বিনিময় ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি বালিপাড়া বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি গণসংযোগ ও মিছিল করেন আব্দুল জলিল শেখ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়।

দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকদের দাবি, ইউপি সদস্য থাকাকালে আব্দুল জলিল শেখ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ কারণে আগামী নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। তাঁর সমর্থকদের মিছিল, সভা-সমাবেশ ও গণসংযোগকে ঘিরে ইউনিয়নের নির্বাচনী আলোচনা দিন দিন জোরালো হচ্ছে।

আব্দুল জলিল শেখ বলেন, “বিগত দিনে আমি অন্যায়ভাবে মামলা, হামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। তারপরও দলের জন্য কাজ করে গেছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমি একমাত্র বিএনপির পক্ষ থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমি বিএনপির কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার জনদুর্ভোগ নিরসনে কাজ করব। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগ নেব। আমাদের ইউনিয়নে একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

এদিকে বালিপাড়া ইউনিয়নের নির্বাচনী আলোচনায় জামায়াতের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানসহ অন্যান্য সম্ভাব্য প্রার্থীর নামও উঠে আসছে। ফলে নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে নানা হিসাব-নিকাশ।

সব মিলিয়ে বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। তবে শেষ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এবং ভোটের মাঠে কোন প্রার্থী কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন, তা স্পষ্ট হবে নির্বাচনের তফসিল ও দলীয় মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর।

-টিএস/বিজ্ঞাপন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝