রাজধানী ঢাকার রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি—সবখানেই এখন ব্যাটারিচালিত অটোরিকশার একচ্ছত্র আধিপত্য। কোনো ধরনের ট্রাফিক আইন বা নিয়মনীতির তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে ছুটে চলা তিন চাকার এই বাহনগুলো নগরবাসীর জন্য রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। একদিকে যেমন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে প্রতিদিনই ঘটছে ভয়াবহ সব দুর্ঘটনা। আপাতদৃষ্টিতে এটি নিম্নবিত্ত মানুষের জীবন-জীবিকার সংগ্রাম মনে হলেও এর আড়ালে সক্রিয় রয়েছে এক শক্তিশালী ও প্রভাবশালী বিনিয়োগকারী চক্র, যারা পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে এই অবৈধ বাণিজ্য।
সড়কে অটোরিকশার এই লাগামহীন দৌরাত্ম্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও নিয়মিত যাতায়াতকারীরা। রাজধানীর মতিঝিল এলাকায় প্রতিদিন যাতায়াতকারী বেসরকারি চাকরিজীবী কায়সার আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফুটপাত ছেড়ে রাস্তায় পা রাখলেই মনে হয় মৃত্যুফাঁদে পা দিলাম। কোনো হর্ন নেই, সিগন্যাল নেই—হঠাৎ করেই উল্টো দিক থেকে তীব্র গতিতে অটোরিকশা এসে গায়ের ওপর উঠে যায়। গত মাসেই একটি অটোরিকশার ধাক্কায় আমার ডান হাত ভেঙে গেছে, এখনো ঠিকমতো কাজ করতে পারি না।’
একই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা জানান খিলগাঁও এলাকার গৃহিণী সুমাইয়া সুলতানা। তিনি বলেন, ‘বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া-আসা করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অলিগলিতেও এরা এত জোরে চালায় যে একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটে যায়। চালকদের বেশিরভাগই নতুন, ব্রেক কষার অভিজ্ঞতাও ঠিকমতো নেই। অথচ এদের থামানোর যেন কেউ নেই।’
মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, ঢাকার রাস্তায় এই অবৈধ বাহন নামানোর মূল কারিগর সমাজের উচ্চবিত্ত ও ক্ষমতাবান একটি শ্রেণি। সাধারণ গ্যারেজ মালিকদের হাত পেরিয়ে এই ব্যবসার নিয়ন্ত্রণ এখন চলে গেছে কতিপয় অসাধু সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং প্রভাবশালী বাড়িওয়ালাদের হাতে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র ৭০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ করে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি করে চালকের হাতে তুলে দেওয়া হয়। বিনিময়ে প্রতিটি রিকশা থেকে দৈনিক জমা আদায় করা হয় ৫০০ টাকা। সেই হিসাবে একটি রিকশা থেকে মালিকের পকেটে মাসে ঢোকে ১৫ হাজার টাকা, যা বছরে দাঁড়ায় অন্তত ১ লাখ ৮০ হাজার টাকায়। অর্থাৎ মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যেই বিনিয়োগের মূল টাকা উঠে আসে, এরপর পুরোটাই নিট মুনাফা। অল্প পুঁজিতে এমন নিশ্চিত ও দ্বিগুণ লাভের হাতছানিতেই শহরের মোড়ে মোড়ে গড়ে উঠছে নতুন নতুন গ্যারেজ।
রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা, মান্ডা, মানিকনগর, খিলগাঁও, সবুজবাগ, বনশ্রী ও রামপুরা এলাকায় অন্তত চার হাজার অবৈধ অটোরিকশা গ্যারেজ গড়ে উঠেছে। এসব গ্যারেজ থেকে প্রতিদিন প্রায় আড়াই লাখের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা রাজধানীর রাজপথে নামছে। অভিযোগ রয়েছে, এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে, যা জাতীয় গ্রিডের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে।
গ্রাম থেকে জীবিকার সন্ধানে ঢাকায় আসা প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষ কোনো প্রকার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কিংবা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এসব বিপজ্জনক যান নিয়ে নেমে পড়ছেন ব্যস্ততম সড়কগুলোতে। নিবন্ধনহীন ও ত্রুটিপূর্ণ ব্রেক ব্যবস্থার এসব যান প্রধান সড়কের স্বাভাবিক গতি স্তব্ধ করে দিচ্ছে, যার চরম খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রী ও পথচারীদের।
মজার বিষয় হলো, একসময় শ্রমজীবী চালকদের মানবিক দিক এবং সাশ্রয়ী যাতায়াতের কথা ভেবে সাধারণ মানুষই ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সরকারি উদ্যোগের বিরোধিতা করেছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই বাহনই এখন রাজধানীবাসীর জন্য ভয়াবহ দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজধানীতে এই বাহনের অনিয়ন্ত্রিত বিস্তার রীতিমতো ‘বিপ্লবে’ রূপ নেয়। খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এদের দৌরাত্ম্যের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীকে স্বল্প দূরত্বে হেঁটে চলার পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে বর্তমান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদও এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন, বিগত সময়ে গড়ে ওঠা বড় সিন্ডিকেটের কারণে শুধু পুলিশের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়; এর জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সড়কে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে বা দুর্ঘটনা ঘটলে ট্রাফিক পুলিশ কেবল অসচ্ছল চালকদের আটক করে কিংবা রিকশা ডাম্পিং করে আর্থিক জরিমানা আদায় করে। অথচ যেসব প্রভাবশালী ব্যক্তি কোটি কোটি টাকা বিনিয়োগ করে প্রতিদিন হাজার হাজার অবৈধ গাড়ি রাস্তায় নামাচ্ছেন, তারা সবসময়ই থাকছেন ধরাছোঁয়ার বাইরে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রিকশাচালক জানান, পেটের দায়ে তারা দৈনিক জমার ভিত্তিতে এসব রিকশা চালান। পুলিশ ধরলে জরিমানার টাকা তাদের নিজেদের পকেট থেকেই দিতে হয়, মালিকরা কোনো দায় নেন না। তাদের দাবি, অবৈধ অটোরিকশা তৈরির কারখানা, যন্ত্রাংশ আমদানিকারক এবং গ্যারেজ মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নিয়ে কেবল সড়কপর্যায়ে অসহায় চালকদের সাজা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়।
নগর পরিকল্পনাবিদ ও সমাজ গবেষকদের মতে, প্রান্তিক মানুষের কর্মসংস্থানের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই, তবে তা কখনোই কোটি নগরবাসীর সড়ক নিরাপত্তার বিনিময়ে হতে পারে না। ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেবল চালকদের ওপর জরিমানা চাপানোর গতানুগতিক কৌশল থেকে সরে আসতে হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, অটোরিকশা নিয়ন্ত্রণে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হলেও সেখানে তহবিল বাড়ানোর লোভে যেন কোনো দুর্নীতি না হয়। দেশের বিভিন্ন পৌরসভায় দেখা গেছে, ৫০০ রিকশার চাহিদার বিপরীতে অর্থের বিনিময়ে কয়েক হাজার নিবন্ধন দেওয়া হয়েছে—রাজধানীতে এমন প্রবণতা কঠোরভাবে রোধ করতে হবে। পাশাপাশি প্রতিটি অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দিতে হবে এবং নির্ধারিত গতির চেয়ে জোরে চালালেই তাৎক্ষণিকভাবে নিবন্ধন বাতিলের বিধান চালু করতে হবে।
একই সঙ্গে অবৈধ অটোরিকশা তৈরির কারখানাগুলো সিলগালা করা, বেআইনি গ্যারেজ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ করা এবং এই ব্যবসার নেপথ্যে থাকা প্রভাবশালী বিনিয়োগকারীদের আইনের আওতায় আনাই এখন একমাত্র কার্যকর সমাধান। মূল উৎসে আঘাত হানতে ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেবে তিন চাকার এই নৈরাজ্য।
এসএ