ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা ও টেকসই উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষ প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। এসব ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশ্বব্যাংকের প্রস্তাবিত অর্থ ব্যয় করা হবে।

বৈঠকে দেশের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতের কয়েকটি নতুন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করছে। সংস্থাটির ঋণের সুদের হার তুলনামূলক কম হওয়ায় উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এদিকে রাজধানী ঢাকার জনসংখ্যা ও নাগরিক সেবার ওপর বাড়তি চাপ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রীর মতে, ঢাকাকে আরও পরিকল্পিত ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

বিশেষ করে নগরীর নিম্ন আয়ের মানুষের আবাসন ও জীবনযাত্রার পরিবেশ উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রাথমিকভাবে একটি অথবা দুটি বস্তি এলাকাকে মডেল প্রকল্পের আওতায় আনার চিন্তা করা হচ্ছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে। তবে প্রকল্পের আওতায় কী ধরনের অবকাঠামো ও নাগরিক সুবিধা গড়ে তোলা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনা সম্পন্ন হলে বিস্তারিত জানানো হবে।

উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং রাজধানীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন—দুটি বিষয়ই বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝