রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১৫০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন এবং ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি জিপ গাড়ি, নগদ ১২ হাজার ৩৯৫ টাকা, ৯টি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এফএস