ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যে সাতটি কারণে পদোন্নতি আটকে যেতে পারে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সময় পদোন্নতি কমিটিতে কাজ করেছি। কখনো সদস্য হিসেবে, কখনো প্রধান হিসেবে। এ অভিজ্ঞতা থেকে সাতটি কারণ বললাম যেগুলো পদোন্নতিতে সমস্যা তৈরি করে।
দক্ষ, কিন্তু আচরণে সমস্যা
অনেক কর্মী আছেন, যারা কাজে দক্ষ, বিন্তু আচরণ খারাপ। এ ধরনের কর্মীকে ম্যানেজমেন্ট প্রমোশন দিতে চায় না। উচ্চপদে ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। তা খারাপ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান চাকরিতে আসার আগে আমি অল্প সময় একটি ব্যাংকে কাজ করেছিলাম। সেখানে একজন সহকর্মী ছিলেন। যে পদে যোগদান করেছিলেন, সে পদ থেকে আর প্রমোশন হয়নি। কারণ একটিই, তার আচরণ। সত্যি বলতে কী, ভদ্রলোকের আচরণ আমার কাছেও অসহ্য মনে হয়েছিল।

অফিস পলিটিক্স
খুবই বাজে একটি বিষয়। এতে জড়িতরা সাময়িকভাবে হয়তো লাভবান হন, কিন্তু পরিণতি খুব খারাপ হয়। তাদের দল প্রভাব হারালে পায়ের নিচে মাটি সরে যায়। উপরে ওঠা তো দূরের কথা, নিচের দিকে তলিয়ে যান। এমনকি চাকরিও হারাতে পারেন।

দায়িত্ব নিতে অনীহা
অনেকেই দায়িত্ব এড়িয়ে যান। অফিসের প্রয়োজনে একজন কর্মীকে অনেক দায়িত্ব নিতে হয়। এতে যাদের অনীহা, তাদের বড় দায়িত্ব দিতে ম্যানেজমেন্ট রাজি হয় না।

সিদ্ধান্ত নিতে দ্বিধা
কেউ কেউ আছেন, সিদ্ধান্ত নিতে ভয় পান। এটা কর্তৃপক্ষের খুবই অপছন্দ। তাই দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ক্যারিয়ারে লাল দাগ পড়ে।
আমি চাকরিতে ঢোকার পর এক বস বলেছিলেন, 'সিদ্ধান্ত নিতে দেরি করবে না। আমার টেবিল দেখো, আয়নার মতো পরিষ্কার। কোনো ফাইল আটকে নেই।' তার প্রমোশন হলো না। আমরা খুব অবাক! কেন এমন হলো? শুনলাম, তিনি কোনো ফাইলে সহজে সিদ্ধান্ত দেন না। সব ফাইল জমে থাকে সহকারীর টেবিলে। তাই তার টেবিল থাকে আয়নার মতো পরিষ্কার। এ কারণে তিনি পদোন্নতির জন্য বিবেচিত হননি।

ব্যক্তিগত পক্ষপাতিত্ব এবং আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা
আবেগ থাকা খুব দরকার। কিন্তু চাকরিতে ইমোশনাল হলে বিপদ। কারণ সেখানে ন্যায্য সিদ্ধান্ত নিতে হলে অনেক সময় আবেগ চাপা দিতে হয়। বিশেষ করে উঁচু পদ এই গুণ দাবি করে। আবার যিনি ব্যক্তিগত পক্ষপাতিত্বে বিশ্বাসী, তাকেও উঁচু পদে বসানোর ব্যাপারে ম্যানেজমেন্ট আগ্রহী হন না। কারণ তার পক্ষপাতিত্ব ক্ষতির কারণ হতে পারে। সোজা কথায়, নির্মোহ পেশাদার আচরণই সেরা।

নতুন কিছু শিখতে অনীহা
দুনিয়া বদলাচ্ছে। সকাল-সন্ধ্যা বদলাচ্ছে। সাথে বদলাচ্ছে অফিস চালানোর পদ্ধতি। এগুলোর সাথে খাপ খাওয়াতে না পারলে উঁচু পদে যাওয়া যাবে না, কারণ পুরোনো জ্ঞান দিয়ে ম্যানেজমেন্ট চলবে না। তাই যারা নতুন পদ্ধতি শিখছেন না, তাদের প্রমোশনের দরজা বন্ধ হয়ে যেতে পারে।

কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে না পারা
সম্ভবত পদোন্নতির জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ সাধারণত আস্থাভাজন কর্মীকেই প্রমোশনের জন্য বাছাই করেন। তাই দক্ষতা, বিশ্বস্ততা, সততা ও শৃঙ্খলা দিয়ে তাদের আস্থা অর্জন করা জরুরি। যার ওপর আস্থা নেই, তিনি সোনার মানুষ হলেও প্রমোশনের ক্ষেত্রে বসরা তাকে লোহার মূল্যে বিবেচনা করেন। তবে আস্থাভাজন মানে অন্ধ আনুগত্য নয়, যা অন্যায়ে সায় দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদল সৈয়দ তার প্রোফাইলে এই লেখাটি প্রকাশ করেছেন। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। ডাকনাম বাদল। বিসিএস (কর) ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ের পাশাপাশি লেখালেখি ও সামাজিক কার্যক্রমের জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝