স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর কার্যক্রম পর্যালোচনায় উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু হয়েছে।
কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্টের নেতৃত্বে মিশন দলের সদস্যরা হলেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং পোর্টফোলিও কোঅর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এস কে তৌহিদুর রহমান।
২২ নভেম্বর সকালে মিশন টিম ক্রিলিকের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেয়। সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। পরে মিশন টিম ক্রিম্প প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেয়।
দুপুরে রিভিউ মিশনের কিক-অফ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন।
সভায় ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আবদুল খালেক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের অগ্রগতির সামগ্রিক চিত্র তুলে ধরেন। এ সময় ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী ও সহকারী প্রকৌশলী, ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার ও ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকেরা উপস্থিত ছিলেন।
মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সদস্যরা স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ক্রিলিকের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
-টিএস/এলজিইডি