দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। এবারের বৈঠকে নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরবে মালিকপক্ষ। ফলে শ্রমিকদের দাবির বিপরীতে মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দেয়, তা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাব করেন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
অন্যদিকে, অফিস স্টাফ ও কর্মচারীদের জন্য চারটি গ্রেডে যথাক্রমে ৫৫ হাজার, ৫০ হাজার, ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারেনি। মজুরি কাঠামো প্রস্তুতের জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। আজকের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এই মজুরি একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিও উঠেছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আজকের বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব সামনে এলে দুই পক্ষের মজুরি প্রস্তাবের ব্যবধান স্পষ্ট হবে। এরপর আলোচনা ও পর্যালোচনার মধ্য দিয়ে নতুন মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির কার্যক্রম এগিয়ে যাবে।
এফএস