রাজধানীর মতিঝিল থেকে খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সহসভাপতি কাজী তালাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেনকে আটক করেন। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, কাজী তালাত হোসেনের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।