ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানুষের মস্তিষ্কের মতো কাজ করে না এআই, নতুন গবেষণায় মিলল বড় পার্থক্য
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের মস্তিষ্কের মতো তথ্য প্রক্রিয়াকরণ করে-বিজ্ঞানীদের দীর্ঘদিনের এমন ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে নতুন এক গবেষণা। কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, এআই মডেল মানুষের মস্তিষ্কের কিছু কার্যক্রমের পূর্বাভাস দিতে পারলেও মস্তিষ্কের মতো একই প্রক্রিয়ায় কাজ করে না।

গবেষণায় দেখা গেছে, এআই মডেল মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যক্রম যথেষ্ট ভালোভাবে অনুমান করতে পারে। কিন্তু উল্টোভাবে মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যক্রম ব্যবহার করে এআই মডেলের ভেতরের প্রক্রিয়াগুলো একইভাবে অনুমান করা যায় না। অর্থাৎ, বাইরে থেকে মানুষের মস্তিষ্কের মতো ফলাফল দেখালেও এআইয়ের অভ্যন্তরীণ কাজের ধরনে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের দৃষ্টিশক্তি ও বস্তু শনাক্ত করার প্রক্রিয়া বুঝতে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক (এএনএন) ব্যবহার করছেন গবেষকেরা। ছবি দেখে মানুষ বা প্রাণী কিংবা বিভিন্ন বস্তু শনাক্ত করার মতো কাজে ব্যবহৃত এসব প্রযুক্তি মস্তিষ্কের দৃশ্যপ্রক্রিয়াকরণ ব্যবস্থা নিয়ে গবেষণার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষণাটির জ্যেষ্ঠ লেখক কোহিতিজ কর বলেন, এআই মডেল মস্তিষ্কের বস্তু শনাক্তকরণ-সংশ্লিষ্ট অংশের কার্যক্রমের পূর্বাভাস দিতে পারে বলেই সেগুলোকে প্রায়ই মস্তিষ্কের মতো বলে বর্ণনা করা হয়। তবে এত দিন গবেষকেরা মূলত এক দিক থেকেই বিষয়টি পরীক্ষা করেছেন।


এআইকে যাচাইয়ে নতুন পদ্ধতি

প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে গবেষকেরা এবার উল্টো দিক থেকে বিষয়টি পরীক্ষা করেন। তাঁরা দেখতে চেয়েছেন, মস্তিষ্কের স্নায়ুকোষের রেকর্ড করা কার্যক্রম ব্যবহার করে এআই মডেলের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো কতটা নির্ভুলভাবে অনুমান করা যায়।

এ জন্য তাঁরা ‘রিভার্স প্রেডিক্টিভিটি টেস্টিং’ নামে একটি নতুন পরীক্ষাপদ্ধতি তৈরি করেন। তাঁদের যুক্তি ছিল, এআই ও মস্তিষ্ক সত্যিকার অর্থে একই ধরনের প্রক্রিয়ায় কাজ করলে দুই দিক থেকেই পরীক্ষার ফলাফলে মিল থাকার কথা।

গবেষণায় ১ হাজার ৩২০টি প্রাকৃতিক ও বাস্তবসম্মত কৃত্রিম ছবি ব্যবহার করা হয়। এসব ছবিতে ভালুক, হাতি, মানুষের মুখ, আপেল, গাড়ি, কুকুর, চেয়ার, উড়োজাহাজ, পাখি ও জেব্রাসহ ১০ ধরনের পরিচিত বিষয় ছিল। পাশাপাশি একই বিষয়কে রেখাচিত্র, আঁকা ছবি, সরল চিত্র ও বিভিন্ন শৈল্পিক রূপে উপস্থাপন করা আরও ৩০০টি ছবি পরীক্ষা করা হয়।


গবেষণায় যা পাওয়া গেল

পরীক্ষায় দেখা যায়, এআই মডেলগুলো মস্তিষ্কের রেকর্ড করা স্নায়ুকোষের প্রতিক্রিয়া অনুমান করতে পারলেও সেসব স্নায়ুকোষের কার্যক্রম দিয়ে এআইয়ের অনেক অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নির্ভুলভাবে অনুমান করা সম্ভব হচ্ছে না।

গবেষকেরা জানান, এক মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যক্রম দিয়ে অন্য মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যক্রম তুলনা করলে একই ধরনের সমস্যা দেখা যায়নি। ফলে এআই ও জীবন্ত মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের মধ্যে মৌলিক পার্থক্য থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

গবেষণার সহলেখক ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক সাবিন মুজেলেক বলেন, আগে মস্তিষ্কের মতো বলে বিবেচিত কিছু এআই মডেল এমন অভ্যন্তরীণ প্রক্রিয়ার ওপর নির্ভর করে, যেগুলোর ব্যবহার মস্তিষ্কে দেখা যায় না। এআই মডেলের প্রকৃত সক্ষমতা যাচাইয়ে তাঁদের তৈরি পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে।


মানুষের আচরণ ও চিকিৎসাবিজ্ঞানে কী প্রভাব পড়বে

গবেষকদের মতে, এ আবিষ্কার শুধু ছবি শনাক্তকরণ প্রযুক্তির জন্য নয়, বরং স্নায়ুবিজ্ঞান, মনোবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ।

বর্তমানে মানুষের আচরণ বিশ্লেষণ, মস্তিষ্কের কার্যক্রম বোঝা এবং বিভিন্ন স্নায়ুবিক ও মানসিক অবস্থার গবেষণায় এআই মডেল ব্যবহার করা হচ্ছে। অটিজমসহ বিভিন্ন অবস্থায় মানুষের তথ্য প্রক্রিয়াকরণ ও উপলব্ধির পার্থক্য বুঝতেও এসব প্রযুক্তির ব্যবহার রয়েছে।

কিন্তু এআইয়ের অভ্যন্তরীণ কার্যপ্রণালি যদি মানুষের মস্তিষ্কের সঙ্গে না মেলে, তাহলে এসব মডেলের ওপর নির্ভর করে গবেষকেরা ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারেন বলে সতর্ক করেছেন গবেষকেরা।

তবে এ গবেষণার অর্থ এই নয় যে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ব্যবহার বন্ধ করতে হবে। বরং কোন কোন বৈশিষ্ট্য সত্যিকার অর্থে মস্তিষ্কের কার্যক্রমের সঙ্গে মেলে, তা শনাক্ত করে আরও নির্ভরযোগ্য এআই মডেল তৈরির সুযোগ তৈরি হয়েছে।

গবেষণার ফলাফল _নেচার মেশিন ইন্টেলিজেন্স_ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। পাশাপাশি অন্য গবেষকেরা নিজেদের এআই মডেল পরীক্ষা করতে পারেন, এমন একটি উন্মুক্ত টুলকিটও প্রকাশ করেছেন গবেষক দলটি।

গবেষকদের আশা, নতুন এই পদ্ধতি ভবিষ্যতে এমন এআই প্রযুক্তি তৈরিতে সহায়তা করবে, যা শুধু মানুষের মতো ফলাফলই দেবে না, বরং মানুষের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের পদ্ধতির সঙ্গেও আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে।
  
 
  সাইন্স ডেইলি / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝