কখনো কখনো একটি ছোট্ট শব্দই খুলে দিতে পারে যোগাযোগের দরজা, কমাতে পারে দূরত্ব, এমনকি থামাতে পারে বিরোধও। সেই শব্দটি হলো ‘হ্যালো’। মানুষে মানুষে যোগাযোগ, সৌহার্দ্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর ২১ নভেম্বর পালিত হয় বিশ্ব হ্যালো দিবস (World Hello Day)।
শুধু পরিচিত কাউকে শুভেচ্ছা জানানো নয়, এই দিবসের পেছনে রয়েছে যুদ্ধ ও সংঘাতের এক ইতিহাস। ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এবং যুদ্ধের প্রেক্ষাপটে দিবসটির সূচনা হয়। ওই বছরের অক্টোবরে সংঘটিত ইয়ম কিপুর যুদ্ধের পর সংঘাত নিরসনে সহিংসতার পরিবর্তে যোগাযোগ ও আলোচনার গুরুত্ব তুলে ধরতে উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের দুই ভাই ব্রায়ান ম্যাককরম্যাক ও মাইকেল ম্যাককরম্যাক।
তাদের ধারণা ছিল, স্পষ্ট ও আন্তরিক যোগাযোগের মাধ্যমে বিরোধ কমানো এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ উদ্দেশ্যে ১৯৭৩ সালে তারা বিশ্বের ১ হাজার ৩০০ জনের বেশি সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যমের কাছে চিঠি পাঠিয়ে বিশ্ব হ্যালো দিবস পালনের আহ্বান জানান।
পরের বছর ১৯৭৪ সালে অন্তত ১৫টি দেশে দিবসটি পালিত হয়। ডেজ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে বিশ্বের ১৮০টি দেশে দিবসটি ছড়িয়ে পড়ে। শান্তি প্রতিষ্ঠায় দিবসটির গুরুত্বের স্বীকৃতি দিয়েছেন ৩১ জন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
দিবসটি পালনের নিয়মও বেশ সহজ। অন্তত ১০ জন মানুষকে ‘হ্যালো’ বলে শুভেচ্ছা জানাতে হয়। এর মাধ্যমে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি এবং পারস্পরিক সৌহার্দ্য প্রকাশের বার্তা দেয়া হয়।
এ ছাড়া দীর্ঘদিন কথা হয় না, এমন কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ শুরু করা যেতে পারে। কারও সঙ্গে মনোমালিন্য থাকলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এবং সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগও নেয়া যায়।
দিবসটির বার্তা হলো, শান্তি প্রতিষ্ঠার জন্য সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি সাধারণ শুভেচ্ছা বিনিময়ও মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বের সূচনা করতে পারে।