ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাধারণ সর্দি নাকি অ্যালার্জি, পার্থক্য বুঝবেন যেভাবে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নাক দিয়ে পানি পড়া, বারবার হাঁচি হওয়া কিংবা চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যায় পড়লে অনেকেই সাধারণ সর্দি ভেবে ওষুধ সেবন করেন। কিন্তু এসব উপসর্গের কারণ সব সময় সর্দি নয়; হতে পারে অ্যালার্জিও।

সাধারণ সর্দি ও অ্যালার্জির লক্ষণ অনেকটা একই রকম হওয়ায় দুটির মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক। তবে এদের কারণ, স্থায়িত্ব এবং আনুষঙ্গিক উপসর্গে বেশ কিছু পার্থক্য রয়েছে। এসব পার্থক্য জানা থাকলে অপ্রয়োজনীয় ওষুধ সেবন এড়ানো এবং সঠিক চিকিৎসা নেওয়া সহজ হয়।

কারণ ও স্থায়িত্বে পার্থক্য

সাধারণ সর্দি হলো ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রমণ। ২০০টিরও বেশি ধরনের ভাইরাস এর কারণ হতে পারে। সাধারণত প্রথম দুই-তিন দিন উপসর্গ বেশি থাকে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে সর্দি সাত থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়।

অন্যদিকে, অ্যালার্জি হয় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত ক্ষতিকর নয় এমন কোনো পদার্থের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে। ধুলার মাইট, পরাগরেণু, ছত্রাকের স্পোর এবং পোষা প্রাণীর ত্বকের ক্ষুদ্র কণা অ্যালার্জির কারণ হতে পারে।

অ্যালার্জিজনিত রাইনাইটিসের উপসর্গ অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শে থাকা পর্যন্ত চলতে পারে। কোন উপাদানে অ্যালার্জি হচ্ছে, তার ওপর নির্ভর করে উপসর্গ মৌসুমি হতে পারে কিংবা সারা বছর থাকতে পারে।

বারবার হাঁচি ও নাকে চুলকানি অ্যালার্জির লক্ষণ


সাধারণ সর্দি ও অ্যালার্জি- দুই ক্ষেত্রেই হাঁচি হতে পারে। তবে অ্যালার্জির ক্ষেত্রে সাধারণত একটানা বা বারবার হাঁচি হয়। বিশেষ করে ধুলাবালি, পরাগরেণু কিংবা পোষা প্রাণীর সংস্পর্শে এলে এ সমস্যা বাড়তে পারে।

নাক, গলা বা চোখে চুলকানিও অ্যালার্জির অন্যতম লক্ষণ। অন্যদিকে, সাধারণ সর্দির ক্ষেত্রে গলাব্যথা, কাশি ও ক্লান্তির মতো উপসর্গ বেশি দেখা যায়।

নাকের নিঃসরণেও থাকতে পারে পার্থক্য

কয়েক দিন ধরে নাক দিয়ে স্বচ্ছ ও পানির মতো তরল ঝরতে থাকলে, বিশেষ করে এর সঙ্গে চুলকানি ও বারবার হাঁচি থাকলে অ্যালার্জির সম্ভাবনা থাকতে পারে। অ্যালার্জির ক্ষেত্রে সংশ্লিষ্ট উপাদানের সংস্পর্শে থাকলে নাক দিয়ে পানি পড়া অব্যাহত থাকতে পারে।

সাধারণ সর্দির ক্ষেত্রেও নাক দিয়ে পানি পড়ে। তবে সংক্রমণের অগ্রগতির সঙ্গে নাক বন্ধ হয়ে যেতে পারে এবং শ্লেষ্মার ঘনত্বেও পরিবর্তন আসতে পারে।

তবে শুধু নাকের নিঃসরণের ধরন দেখে অ্যালার্জি বা সাধারণ সর্দি নিশ্চিতভাবে শনাক্ত করা যায় না।

জ্বর ও শরীর ব্যথা গুরুত্বপূর্ণ ইঙ্গিত

অ্যালার্জির কারণে সাধারণত জ্বর বা শরীর ব্যথা হয় না। এসব উপসর্গ ভাইরাসজনিত সংক্রমণের ক্ষেত্রে বেশি দেখা যায়।

অন্যদিকে, নাক চুলকানো ও বারবার হাঁচির পাশাপাশি চোখ লাল হওয়া এবং পানি পড়া অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ হতে পারে।

উপসর্গ কখন দেখা দিচ্ছে, সেদিকেও খেয়াল রাখা জরুরি। ঘর পরিষ্কারের সময়, ধুলাবালিযুক্ত স্থানে গেলে, পোষা প্রাণীর সংস্পর্শে এলে কিংবা নির্দিষ্ট ঋতুতে একই ধরনের উপসর্গ বারবার দেখা দিলে পরিবেশগত অ্যালার্জির সম্ভাবনা থাকতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

বারবার দেখা দেওয়া উপসর্গকে সাধারণ সর্দি ভেবে অবহেলা করা ঠিক নয়। হাঁচি, নাক বন্ধ থাকা বা চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যা যদি ঘুম ও দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শুধু উপসর্গের ভিত্তিতে অ্যালার্জি নিশ্চিত করা যায় না। কারণ, এসব লক্ষণ ভাইরাসজনিত সংক্রমণ বা অন্য শারীরিক সমস্যার সঙ্গেও মিলে যেতে পারে। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে কিংবা ১০ থেকে ১৪ দিনের মধ্যেও উন্নতি না হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

এ ছাড়া শ্বাসকষ্ট, পানিশূন্যতা বা দীর্ঘস্থায়ী জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। উপসর্গের ধরন ও কারণ বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

মনে রাখতে হবে, সাধারণ সর্দি ভাইরাসজনিত হওয়ায় এর চিকিৎসায় নিয়মিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝