ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে মেটা। চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে এ প্রযুক্তির বিস্তৃতি শুরু করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সমালোচনা, বিভিন্ন আইনি পদক্ষেপ এবং বিপুল অঙ্কের আর্থিক সমঝোতার মুখে এ উদ্যোগ নিয়েছে টেকজায়ান্ট প্রতিষ্ঠানটি বলে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যেসব ব্যবহারকারীকে কিশোর বলে সন্দেহ করা হবে, তাদের অ্যাকাউন্টে বয়স অনুযায়ী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে। এমনকি কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজের বয়স ১৮ বছরের বেশি দেখালেও আচরণগত তথ্যের ভিত্তিতে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা হতে পারে।
 
মেটা জানিয়েছে, এ প্রযুক্তি চালুর পর থেকে আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।

এ সাফল্যের ভিত্তিতেই বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে তার সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল প্রতিষ্ঠানটি।

কেউ অ্যাকাউন্ট খোলার সময় ভুল জন্মতারিখ দিয়ে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও এআইয়ের মাধ্যমে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা গেলে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত অ্যাকাউন্টের সুরক্ষাব্যবস্থা কার্যকর হবে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা নতুন এ ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।
মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের নিরাপত্তার জন্য বেশ কিছু বিধি-নিষেধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে :

*১৩ বছরের কম বয়সীদের জন্য অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
*কিশোরদের প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।
*রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
*দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।
*অন্যদের সঙ্গে তুলনা তৈরি করতে পারে, এমন লাইক ও রিঅ্যাকশনসংক্রান্ত কিছু ফিচার সীমিত করা।
*কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপ।
*এ ছাড়া কিশোরদের প্রতি ১৫ মিনিট একটানা ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। 

দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।

বিশ্বজুড়ে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝