ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ আনফ্রেন্ড করার দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:২৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফেসবুক খুললেই নিউজফিডে কত কিছু! কেউ ঘুম থেকে উঠেই সেলফি দিচ্ছেন, কেউ দুপুরের খাবারের ছবি পোস্ট করছেন, কেউ আবার ছুটিতে কোথায় গেলেন, তার বিস্তারিত জানাচ্ছেন। এর মধ্যে আছে টিভি সিরিজের স্পয়লার, হরেক রকম গেম খেলার আমন্ত্রণ আর পোষা কুকুর-বিড়ালের ছবি। অথচ এসব পোস্ট যারা দিচ্ছেন, তাদের অনেককেই হয়তো আপনি চেনেন না।

বন্ধুতালিকায় হাজারখানেক মানুষ, অথচ তাদের মধ্যে কারও কারও নাম দেখেও মনে করতে পারেন না, কোথায় পরিচয় হয়েছিল। এমনকি কখনো বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলেন কি না, সেটাও মনে নেই। তাহলে এই ভার্চুয়াল বন্ধুদের নিয়ে কী করবেন? তাদের বিদায় জানানোরই একটি মজার উপলক্ষ হলো আনফ্রেন্ড ডে।

একসময় ‘ফ্রেন্ড’ ছিল কেবল বিশেষ্য। অর্থাৎ, বন্ধু মানে এমন একজন মানুষ, যার সঙ্গে থাকবে আত্মার সম্পর্ক। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বন্ধুত্বের সংজ্ঞা যেন একটু বদলে গেল। পরিচিত-অপরিচিত, এমনকি কখনো দেখা হয়নি এমন মানুষও হয়ে উঠলেন ফেসবুকের বন্ধু। আর তাদের কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ার জন্য তৈরি হলো নতুন শব্দ ‘আনফ্রেন্ড’।

২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারি ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। শব্দটির অর্থ, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়া।

এরপর ২০১৪ সালে মার্কিন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল চালু করেন আনফ্রেন্ড ডে। তার উদ্দেশ্য ছিল, ফেসবুকে বন্ধু সংগ্রহের অদ্ভুত প্রতিযোগিতায় একটু লাগাম টানা। অনেকটা পোকেমন কার্ড জমানোর মতো মানুষও যেন বন্ধু জমাতে ব্যস্ত নেমে পড়েছিলেন। অথচ সেই বন্ধুদের অনেকের সঙ্গেই বাস্তবে কোনো যোগাযোগ নেই।

ন্যাশনাল আনফ্রেন্ড ডে উদযাপনের সবচেয়ে সহজ উপায় হলো বন্ধুতালিকায় একটু অভিযান চালানো। কারা আছেন সেখানে? তাদের মধ্যে কজনকে চেনেন? কজনের সঙ্গে নিয়মিত কথা হয়? উত্তর খুঁজতে গিয়েই হয়তো অনেক অচেনা মুখের দেখা মিলবে।

এই দিবস উপলক্ষে ফেসবুকে একটি পেজও রয়েছে। সেখানে কাদের আনফ্রেন্ড করা যেতে পারে, তা নিয়ে বেশ মজার কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

যেমন, যারা বারবার টাকা ধার চান, কিন্তু ফেরত দেওয়ার নাম নেই; যারা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন; কিংবা যাদের প্রতিটি পোস্টেই থাকে কোনো না কোনো অভিযোগ।

তবে মজা করতে করতে একটা বিষয় মনে রাখা দরকার। আনফ্রেন্ড ডে কেবল অচেনা মানুষদের বিদায় জানানোর দিন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও ভাবার সুযোগ।

যেমন, ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে গিয়ে কাছের মানুষদের সময় দেওয়া হচ্ছে কি না? পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে জায়গাটা উপভোগ করার চেয়ে ছবি তুলে পোস্ট করতেই বেশি ব্যস্ত কি না?

এসব নিয়ে ভাবার বিষয় আছে বৈকি! কারণ যে মুহূর্তগুলো প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটানোর কথা, সেগুলোই যদি ছবি তোলা আর পোস্ট করার ব্যস্ততায় হারিয়ে যায়, তাহলে লাভ কী?

সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দূরের মানুষদের কাছে এনেছে, এতে সন্দেহ নেই। কিন্তু সেই টানে কাছের মানুষগুলো যেন দূরে সরে না যায়। তাই আনফ্রেন্ড ডেতে বন্ধুতালিকা একটু পরিষ্কার করার পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্কগুলোর দিকেও নজর দিন।

কারণ ফেসবুকে হাজার বন্ধু থাকার চেয়ে বিপদে পাশে দাঁড়ানোর মতো দু-চারজন বন্ধু থাকা বেশি গুরুত্বপূর্ণ।
 
এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝