শীত এলেই ত্বকের শুষ্কতা, রুক্ষতা ও টানটান ভাব বেড়ে যায়। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অনেকেই ব্যবহার করেন বিভিন্ন ধরনের দামি প্রসাধনী। তবে শুষ্ক ত্বকের যত্নে কার্যকর একটি উপাদান হতে পারে গ্লিসারিন।
গ্লিসারিন উদ্ভিজ্জ তেল বা প্রাণিজ চর্বি থেকে পাওয়া যায়। এটি একটি হিউমেকট্যান্ট বা আর্দ্রতা আকর্ষণকারী উপাদান, যা পরিবেশ ও ত্বকের গভীর স্তর থেকে পানি আকর্ষণ করে ত্বকের বাইরের স্তরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বক থাকে নরম, কোমল ও সজীব।
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারিন বেশ কার্যকর। বিশেষ করে শীতকালে ত্বকের শুষ্কতা কমাতে বিভিন্ন ময়েশ্চারাইজার ও প্রসাধনীতে এটি ব্যবহার করা হয়।
ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা১. ত্বকের আর্দ্রতা ধরে রাখে: গ্লিসারিন ত্বকের বাইরের স্তরে পানি ধরে রাখতে সাহায্য করে। ফলে শুষ্ক ও রুক্ষ ত্বক নরম ও কোমল থাকে।
২. ত্বকের সুরক্ষাস্তর মজবুত করে: নিয়মিত ব্যবহারে গ্লিসারিন ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর বা স্কিন ব্যারিয়ার ভালো রাখতে সহায়তা করে। এতে ত্বক থেকে আর্দ্রতা হারানোর প্রবণতা কমে।
৩. বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় সহায়তা করে: ত্বকের আর্দ্রতা ও সুরক্ষাস্তর বজায় রাখতে সাহায্য করার মাধ্যমে গ্লিসারিন বাইরের পরিবেশের কারণে সৃষ্ট শুষ্কতা ও অস্বস্তি কমাতে পারে।
৪. ত্বকের ক্ষত নিরাময়ে সহায়ক: ত্বকের আর্দ্র পরিবেশ বজায় রাখা ক্ষত নিরাময়ের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। তবে গভীর ক্ষত বা সংক্রমণের চিকিৎসার বিকল্প নয় গ্লিসারিন।
৫. শুষ্কতা ও রুক্ষতা কমায়: গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রেখে রুক্ষতা, খসখসে ভাব ও টানটান অনুভূতি কমাতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে সোরিয়াসিসের মতো সমস্যায় শুষ্কতা কমাতেও সহায়ক হতে পারে। তবে এটি সোরিয়াসিসের চিকিৎসা নয়।
গ্লিসারিন ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকবেনগ্লিসারিন সাধারণত ত্বকের জন্য নিরাপদ হলেও ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
অতিরিক্ত শুষ্ক পরিবেশে সতর্কতা: গ্লিসারিন আশপাশের পরিবেশ থেকে আর্দ্রতা আকর্ষণ করতে পারে। বাতাসে আর্দ্রতা খুব কম থাকলে শুধু গ্লিসারিন ব্যবহারে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে। তাই এর সঙ্গে ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করা ভালো।
সরাসরি ঘন গ্লিসারিন ব্যবহার নয়: ঘন বা অবিশুদ্ধ গ্লিসারিন সরাসরি ত্বকে লাগালে কারও কারও ক্ষেত্রে অস্বস্তি বা জ্বালাপোড়া হতে পারে। তাই পরিমিত পরিমাণে এবং উপযুক্ত ফর্মুলেশনের প্রসাধনীর মাধ্যমে ব্যবহার করাই ভালো।
মুখে গ্লিসারিন ব্যবহারের সঠিক নিয়মমুখের ত্বকে গ্লিসারিন ব্যবহারের আগে কয়েকটি বিষয় অনুসরণ করতে পারেন।
১. প্রথমে মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
২. ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৩. সরাসরি গ্লিসারিন ব্যবহার করতে চাইলে অল্প পরিমাণ পানি বা উপযুক্ত ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে পাতলা করে নিতে পারেন।
৪. মুখে লাগানোর পর এর ওপর ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।
৫. নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নিন।
গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়েও অনেকে ব্যবহার করেন। তবে গোলাপজল সবার ত্বকের জন্য উপযোগী নয়। এতে থাকা সুগন্ধি বা অন্যান্য উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। তাই ব্যবহারের আগে সতর্ক থাকা প্রয়োজন।
গ্লিসারিনের পার্শ্বপ্রতিক্রিয়াগ্লিসারিন সাধারণত ত্বকে ভালোভাবে সহনীয়। তবে কিছু মানুষের ক্ষেত্রে এটি বা গ্লিসারিনযুক্ত প্রসাধনীর অন্য কোনো উপাদান থেকে অ্যালার্জি কিংবা জ্বালাপোড়া হতে পারে।
ব্যবহারের পর ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি, ফুসকুড়ি বা জ্বালাপোড়া দেখা দিলে পণ্যটি ব্যবহার বন্ধ করুন। সমস্যা না কমলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারিন হতে পারে কার্যকর একটি উপাদান। তবে শুধু গ্লিসারিনের ওপর নির্ভর না করে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং ত্বকের উপযোগী প্রসাধনী বেছে নেওয়াও জরুরি।
সূত্র: আনন্দবাজার (মূল লেখার তথ্যের ভিত্তিতে সম্পাদিত)
-টিএস