ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের স্বাস্থ্য সমস্যা নয়। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন কম বয়সী প্রাপ্তবয়স্করাও। তাই ঝুঁকি কমাতে জীবনের শুরু থেকেই খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের প্রতি সচেতন হওয়া জরুরি।
আমরা কী খাই, কতটা শারীরিক পরিশ্রম করি, কীভাবে ঘুমাই- এসব সাধারণ অভ্যাসও ডায়াবেটিসের ঝুঁকির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পারিবারিক ইতিহাস বা জিনগত ঝুঁকি আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও জীবনযাপনে কিছু পরিবর্তন এনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। জেনে নেওয়া যাক এমন সাতটি অভ্যাস সম্পর্কে।
১. পরিশোধিত খাবারের বদলে বেছে নিন স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটডায়াবেটিসের ঝুঁকি কমানোর প্রথম পদক্ষেপ হতে পারে খাবারের প্লেটে পরিবর্তন আনা। এ জন্য কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং কোন ধরনের কার্বোহাইড্রেট খাচ্ছেন, সেদিকে নজর দেওয়া জরুরি।
ময়দা, সাদা পাউরুটি ও পরিশোধিত শস্যের পরিবর্তে খাদ্যতালিকায় রাখুন লাল আটা, ওটস, চিড়া ও অন্যান্য গোটা শস্য। পাশাপাশি ডাল, শাকসবজি, বাদাম ও বীজজাতীয় খাবার খাওয়ার অভ্যাস করুন।
এসব খাবারে থাকা ফাইবার হজমের গতি ধীর করতে সাহায্য করে। ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমতে পারে। ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্যও গুরুত্বপূর্ণ। এসব ব্যাকটেরিয়া বিউটিরেটের মতো শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং বিপাকীয় কার্যক্রমে সহায়তা করতে পারে।
২. বাদাম, বীজ ও স্বাস্থ্যকর তেল থেকে নিন উপকারী ফ্যাটস্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকেই খাদ্যতালিকা থেকে ফ্যাট বা চর্বিজাতীয় খাবার পুরোপুরি বাদ দেন। কিন্তু সব ধরনের ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর নয়।
বাদাম, বীজ ও বিভিন্ন উদ্ভিজ্জ তেলে থাকা অসম্পৃক্ত ফ্যাট শরীরের জন্য উপকারী। রান্নায় পরিমিত পরিমাণে সরিষার তেল, চিনাবাদামের তেল বা অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস হিসেবে তৈলাক্ত মাছ, আখরোট, তিসি ও চিয়া বীজ খাদ্যতালিকায় রাখতে পারেন।
কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট যুক্ত করে খাবারকে আরও সুষম করা যায়। তবে উপকারী ফ্যাট হলেও অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। খাবারের ধরন ও পরিমাণ- দুটির প্রতিই নজর রাখা জরুরি।
৩. ডাল, ডিম ও মাছ রাখুন প্রতিদিনের খাবারেসুষম খাবারের প্লেটে শুধু কার্বোহাইড্রেট থাকলেই চলবে না। পর্যাপ্ত প্রোটিনও থাকা জরুরি। প্রোটিনসমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য বজায় রাখে।
ডাল, শিম, ডিম, মাছ ও মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস। বিশেষ করে মাছ, ডিম ও চামড়া ছাড়ানো মুরগির মাংস খাদ্যতালিকায় রাখতে পারেন। অন্যদিকে প্রক্রিয়াজাত মাংস এবং অতিরিক্ত চর্বিযুক্ত লাল মাংস খাওয়া সীমিত করা ভালো।
৪. চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুনএক গ্লাস প্যাকেটজাত ফলের জুস, সফট ড্রিংকস কিংবা চিনিযুক্ত আইসড টি- দেখতে সামান্য মনে হলেও এসব পানীয়ের মাধ্যমে শরীরে প্রচুর চিনি প্রবেশ করতে পারে।
নিয়মিত চিনিযুক্ত পানীয় গ্রহণ ওজন বৃদ্ধি এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই সফট ড্রিংকস, প্যাকেটজাত ফলের রস এবং অতিরিক্ত চিনি মেশানো পানীয়ের পরিবর্তে সাধারণ পানি পান করার অভ্যাস করুন।
পাশাপাশি খাদ্যতালিকায় তাজা ফল, শাকসবজি, গোটা শস্য ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি গ্রহণ কমানোও হতে পারে স্বাস্থ্যকর জীবনযাপনের কার্যকর পদক্ষেপ।
৫. প্রতিদিন হাঁটুন, পাশাপাশি করুন স্ট্রেংথ ট্রেনিংশারীরিকভাবে সক্রিয় থাকতে প্রতিদিন জিমে যাওয়া বা কঠিন ব্যায়াম করার প্রয়োজন নেই। দ্রুত হাঁটা, সিঁড়ি ব্যবহার করা কিংবা দিনের বিভিন্ন সময়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করাও ভালো অভ্যাস।
প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যকলাপের চেষ্টা করুন। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়ামের পাশাপাশি দুই দিন পেশি শক্তিশালী করার ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন।
নিয়মিত ব্যায়াম পেশির ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। পেশি রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে শক্তি হিসেবে ব্যবহার করে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শারীরিক কার্যকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬. স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, ঘুমান পর্যাপ্তডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুধু খাবার ও ব্যায়ামের দিকে নজর দিলেই হবে না। পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।
শরীরের অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের চারপাশে জমে থাকা চর্বি, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রাপ্তবয়স্কদের সাধারণত রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। দীর্ঘদিনের মানসিক চাপও রক্তে শর্করার নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কাজের ফাঁকে বিশ্রাম, হাঁটাহাঁটি ও পছন্দের কাজে সময় দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
মনে রাখতে হবে, ডায়াবেটিস প্রতিরোধ কোনো সাময়িক ডায়েট বা ফিটনেস পরিকল্পনা নয়। বরং স্বাস্থ্যকর অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে জীবনের অংশ করে তোলাই মূল লক্ষ্য।
৭. ঝুঁকি থাকলে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুনটাইপ-২ ডায়াবেটিসের একটি বড় সমস্যা হলো, প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে দীর্ঘদিন ধরে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলেও অনেকেই বিষয়টি বুঝতে পারেন না।
পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে, অতিরিক্ত ওজন বা অন্যান্য ঝুঁকির কারণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে শর্করা পরীক্ষা করানো উচিত। প্রয়োজনে ফাস্টিং ব্লাড গ্লুকোজ ও এইচবিএ১সি (HbA1c) পরীক্ষা করা যেতে পারে।
প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্ত করা গেলে খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ ও জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনা সহজ হয়। মনে রাখবেন, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন- এই তিনটির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-টিএস