দাম্পত্য জীবনে মতবিরোধ কিংবা ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়। মনোমালিন্যের পর মায়ের সঙ্গে কথা বললে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যায়। মা আপনার কথা শোনেন, আপনার পাশে দাঁড়ান এবং মনে করিয়ে দেন যে আপনি ভালো ব্যবহারের যোগ্য। কিন্তু পরদিন যখন আপনি ও আপনার সঙ্গী আবার সবকিছু মিটমাট করে নেন, তখন কী হয়? আপনার বাবা-মায়ের মনে কিন্তু আগের ঝগড়ার তিক্ত স্মৃতি থেকেই যেতে পারে।
এভাবেই পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বাবা-মা নিঃসন্দেহে বড় ধরনের সহায়তার উৎস। তবে দাম্পত্য জীবনের প্রতিটি খুঁটিনাটি তাঁদের সঙ্গে ভাগ করে নিলে আপনার সঙ্গীর প্রতি তাঁদের মনে দীর্ঘস্থায়ী নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
বাবা-মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অর্থ এই নয় যে দাম্পত্য জীবনের সব বিষয়ই তাঁদের জানাতে হবে। এমন পাঁচটি বিষয় রয়েছে, যা তাঁদের সঙ্গে শেয়ার করার আগে দুবার ভাবা উচিত।
১. ছোটখাটো সব ঝগড়াপ্রতিটি মতপার্থক্যই যে পারিবারিক আলোচনার বিষয় হতে হবে, এমন নয়। ঝগড়ার সময় আপনি যদি কেবল কষ্টদায়ক দিকগুলো বাবা-মায়ের কাছে তুলে ধরেন, তাহলে পুরো ঘটনা না জেনেই তাঁরা আপনার সঙ্গী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে পারেন। আপনি হয়তো পরে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ভুলে গেলেন, কিন্তু বাবা-মায়ের পক্ষে তা ভুলে যাওয়া সহজ নাও হতে পারে।
তবে কোনো সমস্যা বারবার ঘটলে বা সমাধান করতে অসুবিধা হলে অবশ্যই তাঁদের কিংবা বিশ্বস্ত কারও সহায়তা নিতে পারেন। সাধারণ মতপার্থক্যগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার সুযোগ দিন।
২. সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা
আপনার সঙ্গী হয়তো ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত কোনো দুর্বলতার কথা আপনার সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি তা করেছেন আপনার প্রতি বিশ্বাস থেকে। এসব কথা তাঁর সম্মতি ছাড়া বাবা-মায়ের কাছে প্রকাশ করলে তিনি নিজেকে অরক্ষিত বা বিশ্বাসভঙ্গের শিকার মনে করতে পারেন। বিশেষ করে, পরবর্তী সময়ে আলোচনার মধ্যে সেই বিষয়গুলো উঠে এলে অস্বস্তি আরও বাড়তে পারে।
তাই সঙ্গী একান্ত বিশ্বাসে যে কথাগুলো আপনাকে জানিয়েছেন, সেগুলোর গোপনীয়তা রক্ষা করুন। কোনো পরিস্থিতি নিয়ে বাবা-মায়ের পরামর্শ প্রয়োজন হলে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও তাঁদের কাছ থেকে মতামত নিতে পারেন।
৩. শারীরিক ঘনিষ্ঠতার খুঁটিনাটিদাম্পত্য জীবনের শারীরিক ঘনিষ্ঠতা একান্ত ব্যক্তিগত বিষয়। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক যতই ঘনিষ্ঠ ও খোলামেলা হোক না কেন, সঙ্গীর সম্মতি ছাড়া ঘনিষ্ঠ মুহূর্ত কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করা উচিত নয়। এতে পারস্পরিক আস্থা ও গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
অবশ্য শারীরিক সম্পর্ক নিয়ে কোনো সমস্যা বা উদ্বেগ থাকলে চিকিৎসক কিংবা উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি হতে পারে। তবে প্রয়োজনীয় সহায়তা নেওয়া আর ব্যক্তিগত বিষয়গুলো অপ্রয়োজনে অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া এক বিষয় নয়।
৪. অর্থসংক্রান্ত মতপার্থক্যবেতন, খরচের অভ্যাস, সঞ্চয় কিংবা আর্থিক দায়িত্ব নিয়ে দম্পতিদের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। এসব বিষয়ে প্রতিটি ঝগড়ার কথা বাবা-মাকে জানালে তাঁরা আপনাদের আর্থিক পরিস্থিতি ও পারস্পরিক বোঝাপড়ার পুরো চিত্র না জেনেই সঙ্গীর সমালোচনা করতে পারেন।
আর্থিক বিষয়ে পরামর্শ নেওয়া স্বাভাবিক। তবে খেয়াল রাখুন, পরামর্শ চাওয়ার বিষয়টি যেন সঙ্গীর আয়, ব্যয়ের অভ্যাস কিংবা অবদান নিয়ে একতরফা অভিযোগে পরিণত না হয়। প্রয়োজনে দুজনের সম্মতিতে বিশ্বস্ত কারও সাহায্য নিতে পারেন।
৫. যেসব সমস্যার সমাধান আগেই হয়ে গেছেহয়তো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। পরে আলোচনা করেছেন, ক্ষমা চেয়েছেন এবং বিষয়টি মিটিয়ে সামনে এগিয়ে গেছেন। কিন্তু বাবা-মা হয়তো সেই পুরোনো ঘটনা মনে রেখে দিতে পারেন। পরবর্তী সময়ে নতুন কোনো মতপার্থক্য দেখা দিলে তাঁরা আগের ঘটনাটিও টেনে আনতে পারেন কিংবা আপনার সঙ্গীকে নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন।
তাই সমাধান হয়ে যাওয়া কোনো বিবাদের কথা আবার বাবা-মায়ের কাছে বলার আগে নিজেকে প্রশ্ন করুন- এ বিষয়ে কি সত্যিই তাঁদের সহায়তা প্রয়োজন, নাকি পুরোনো একটি ঘটনা নতুন করে আলোচনায় আনছেন? অপ্রয়োজনীয়ভাবে অতীতের বিরোধ সামনে না আনাই ভালো।
মনে রাখবেন, বাবা-মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা এবং দাম্পত্য জীবনের ব্যক্তিগত পরিসর রক্ষা করা- দুটিই গুরুত্বপূর্ণ। তবে কোনো সম্পর্কে নির্যাতন, ভয়ভীতি, নিয়ন্ত্রণমূলক আচরণ বা নিরাপত্তার ঝুঁকি থাকলে বিষয়টি গোপন না রেখে বিশ্বস্ত ব্যক্তি কিংবা পেশাদার সহায়তা নেওয়া জরুরি।
-টিএস