ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনের কাজ শেষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। মেসেজ দেখা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস স্ক্রল করা কিংবা দিনের খবর পড়তে পড়তে কখন যে দীর্ঘ সময় কেটে যায়, তা অনেকেই টের পান না। তবে ঘুমানোর আগে ফোনের পর্দায় দীর্ঘক্ষণ চোখ রাখার অভ্যাস শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রামে বাধা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

ফোনে দীর্ঘ সময় কাটালে মস্তিষ্ক থাকে সক্রিয়

মোবাইল ফোন এখন যোগাযোগের পাশাপাশি বিনোদন, সংবাদ ও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম। দিনের শেষে শরীর বিশ্রামের জন্য বিছানায় গেলেও ফোনে একের পর এক ছবি, ভিডিও ও তথ্য দেখতে থাকলে মস্তিষ্ক সক্রিয় থাকে।

চিকিৎসকদের মতে, দিনে তিন ঘণ্টার বেশি ফোন ব্যবহার, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানোর সঙ্গে মনোযোগ ও তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার প্রবণতার পরিবর্তনের সম্পর্ক পাওয়া গেছে। ক্রমাগত নতুন কনটেন্ট দেখার অভ্যাস মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করে, যা রাতে ঘুমের প্রস্তুতিকে ব্যাহত করতে পারে।

ঘুমের সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কার্যক্রম চলে

ঘুম শুধু শারীরিক ক্লান্তি দূর করার প্রক্রিয়া নয়। এ সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। ঘুমের মধ্যে মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক ব্যবস্থা দিনের বেলায় জমে থাকা কিছু প্রোটিনজাত বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই পর্যাপ্ত সময় ঘুমানোর পাশাপাশি গভীর ও স্বস্তিদায়ক ঘুমও প্রয়োজন।

নীল আলো ও নেতিবাচক কনটেন্টের প্রভাব

মোবাইলের পর্দা থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে প্রভাব ফেলতে পারে। শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে রাতে ফোন ব্যবহারে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের মানও কমে যেতে পারে।

তবে শুধু নীল আলোই সমস্যার কারণ নয়। ঘুমের আগে কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। উত্তেজক সংবাদ, ভয়াবহ ঘটনা, বিতর্ক কিংবা নেতিবাচক পোস্ট মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক নেতিবাচক খবর দেখার এই অভ্যাসকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এতে ঘুমের আগে মানসিক প্রশান্তির বদলে উদ্বেগ ও উত্তেজনা বাড়তে পারে।

ঘুমের আগে ফোন ব্যবহারের অভ্যাস বদলাবেন যেভাবে

ফোনে অতিরিক্ত সময় কাটানোর কারণে অনেকের ঘুমানোর নির্ধারিত সময় পিছিয়ে যায়। একটি খবর পড়তে গিয়ে অন্য খবর, ভিডিও কিংবা নোটিফিকেশনে মনোযোগ চলে যাওয়ায় বিছানায় যাওয়ার পরও দীর্ঘ সময় জেগে থাকতে হয়।

এ অভ্যাস নিয়ন্ত্রণে ঘুমানোর আগে ফোন ব্যবহার সীমিত করা জরুরি। বিছানায় ফোন না নেওয়া এবং অ্যালার্মের জন্য প্রয়োজনে আলাদা ঘড়ি ব্যবহার করা যেতে পারে।

ফোনের বিকল্প হিসেবে বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো কিংবা পরদিনের কাজের তালিকা তৈরি করা যেতে পারে। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য, সবুজ পরিবেশ, পাহাড় কিংবা বয়ে চলা পানির শব্দ মানসিক প্রশান্তি দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের শেষ সময়টুকু সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতিবাচক খবর থেকে দূরে রেখে মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দেওয়া উচিত। কারণ শরীর বিছানায় গেলেই মস্তিষ্ক বিশ্রামে যায় না। ঘুমের আগে মানসিক প্রশান্তি নিশ্চিত করাও সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অংশ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝