পছন্দের মানুষের সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘিরে থাকে নানা প্রত্যাশা। কী পরবেন, কী নিয়ে কথা বলবেন, এমনকি দেখা করার আগে মনে মনে কথোপকথনের মহড়াও দেন অনেকে। প্রথম ডেটে কিছুটা স্নায়বিক উত্তেজনা ও রোমাঞ্চ থাকা স্বাভাবিক। প্রত্যাশা থাকে, দুজনের আলাপ যেন সাবলীলভাবে এগিয়ে যায়।
তবে কখনো কখনো ছোটখাটো কিছু আচরণ সুন্দর একটি সন্ধ্যাকেও অস্বস্তিকর করে তুলতে পারে। সব সময় যে দুজনের মধ্যে বোঝাপড়ার অভাব থাকে, তা নয়। বরং কিছু অভ্যাস প্রথম সাক্ষাতে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। জেনে নেওয়া যাক এমন পাঁচটি আচরণ সম্পর্কে।
১. কথোপকথনকে সাক্ষাৎকারের রূপ দেওয়াকারও সম্পর্কে কৌতূহলী হওয়া আর তাকে এমন অনুভব করানো যে তিনি কোনো চাকরির সাক্ষাৎকারে বসেছেন—দুটি এক বিষয় নয়। কাজ, পরিবার, শখ কিংবা আগ্রহ নিয়ে প্রশ্ন করা স্বাভাবিক। কিন্তু প্রতিটি উত্তরের পর স্বাভাবিক কথোপকথন ছাড়াই একের পর এক প্রশ্ন করতে থাকলে আলাপ কৃত্রিম ও চাপিয়ে দেওয়া মনে হতে পারে।
প্রথম সাক্ষাতে দুজনেরই নিজেদের গল্প, মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ থাকা উচিত। একজন শুধু প্রশ্ন করবেন আর অন্যজন উত্তর দেবেন—এমন পরিস্থিতি এড়িয়ে চলাই ভালো।
২. বারবার প্রাক্তন সঙ্গীর প্রসঙ্গ তোলাঅতীতের সম্পর্ক জীবনেরই একটি অংশ। তাই প্রথম ডেটে প্রাক্তন সঙ্গীর কথা একবার উল্লেখ করলেই তা নেতিবাচক কিছু নয়। তবে বারবার পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে আনলে অপর পক্ষ অস্বস্তিতে পড়তে পারেন।
রেস্তোরাঁর সঙ্গে আগের সঙ্গীর স্মৃতি মেলানো, পুরোনো ঝগড়ার কথা বলা কিংবা সম্পর্ক ভাঙার বিস্তারিত ঘটনা শোনানো—এসবের মাধ্যমে কথোপকথনের বড় অংশজুড়ে অতীতের উপস্থিতি তৈরি হতে পারে।
প্রথম সাক্ষাৎ মূলত সামনের মানুষটিকে জানার সুযোগ। তাই পুরোনো সম্পর্কের গল্পে বেশি সময় না দিয়ে বর্তমানের মানুষটির প্রতি মনোযোগ দেওয়াই ভালো।
৩. রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে অভদ্র আচরণওয়েটারের সঙ্গে দুর্ব্যবহার, ছোটখাটো ভুলের জন্য আক্রমণাত্মক অভিযোগ কিংবা রেস্তোরাঁর কর্মীদের অসম্মান করা—এসব আচরণ একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
সাক্ষাতের অন্য সবকিছু ভালো লাগলেও কর্মীদের সঙ্গে অকারণে অভদ্র আচরণ অপর পক্ষের চোখে আপনার ভাবমূর্তি বদলে দিতে পারে। তাই শুধু পছন্দের মানুষের সঙ্গেই নয়, আশপাশের সবার সঙ্গে সম্মানজনক আচরণ করা জরুরি।
৪. ফোনে অতিরিক্ত ব্যস্ত থাকাজরুরি বার্তার উত্তর দেওয়া বা প্রয়োজনীয় ফোনকল ধরার জন্য মুঠোফোন ব্যবহার করতেই হতে পারে। কিন্তু সামনের মানুষটি কথা বলার সময় বারবার ফোন দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা কিংবা ভিডিও দেখতে থাকলে তিনি নিজেকে উপেক্ষিত মনে করতে পারেন।
কোনো কারণ না জানিয়ে বারবার নোটিফিকেশন পরীক্ষা করা বা মেসেজের উত্তর দেওয়াও পরিস্থিতিকে অস্বস্তিকর করে তুলতে পারে।
প্রথম সাক্ষাতে একটানা চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, এমন নয়। তবে সামনের মানুষটিকে মনোযোগ দিয়ে শোনা তাঁর সময় ও উপস্থিতির প্রতি সম্মান প্রকাশ করে।
৫. অস্বস্তিকর ব্যক্তিগত মন্তব্য করাব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলারও নির্দিষ্ট সময় ও পরিসর রয়েছে। প্রথম সাক্ষাৎ মানেই কাউকে যেকোনো প্রশ্ন করার অধিকার পাওয়া নয়।
কারও শারীরিক গঠন, বেতন, পারিবারিক পরিস্থিতি কিংবা অতীত অভিজ্ঞতা নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য সহজেই ব্যক্তিগত সীমা লঙ্ঘন করতে পারে। যে প্রশ্ন একজনের কাছে সাধারণ মনে হতে পারে, অন্যজনের কাছে তা বিব্রতকর বা ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ বলে মনে হতে পারে।
কারও প্রতি আগ্রহ থাকা মানেই তাঁর জীবনের সব খুঁটিনাটি জানার জন্য তাড়াহুড়ো করা নয়। বরং একে অপরের ব্যক্তিগত পরিসর ও সীমারেখাকে সম্মান করাও সম্পর্ক গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম সাক্ষাৎ অর্থবহ হওয়ার জন্য নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই। কথোপকথনের মাঝে নীরবতা, অকারণ হাসি কিংবা কিছুটা অগোছালো আলাপ—সবই নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার স্বাভাবিক অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুজনই যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং আন্তরিকভাবে পরস্পরকে জানার চেষ্টা করেন।
-টিএস