ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ১২:০৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আজ (শুক্রবার) ৬২ বছরে পদার্পণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।


কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তার পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন।


স্কুলে যাওয়ার বয়স হলে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।


দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন।

নিয়মিত শিক্ষাকার্যক্রমের পাশাপাশি তারেক রহমান সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজ চিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন করেন। এসব মহান চিন্তাবিদের দর্শন রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রের প্রকৃত তাৎপর্য অনুধাবনে তার জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করে।


 তিনি এমন এক উত্তাল রাজনৈতিক সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন, যখন তার মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।


১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান।


দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনি প্রচার কার্যক্রম সমন্বয় করেন।


পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে।


পরবর্তী সময়ে তারেক রহমান এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত অবৈধ এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয়। তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। তবে এসব ঘটনা তার মনোবল ভেঙে দিতে ও রাজনীতি থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি। তিনি স্বপ্ন দেখেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার সব প্রতিবন্ধকতা চিরতরে দূর হবে।


দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তার প্রত্যাবর্তন ঘটে। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল গৌরবময়। দীর্ঘদিন ধরে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকা দেশবাসীর মধ্যে তা গভীর স্বস্তি ও আনন্দের সঞ্চার করে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন।


নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভাসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে।

১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।


 তার পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী। তার বাবা ও মা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন।


মহৎ প্রত্যাশা ও আদর্শে সমৃদ্ধ তারেক রহমান এমন একটি ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবেন।

তারেক রহমানের সাধারণ জীবনযাপন তার বিনয়, সরলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ বা দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না করা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা সাধনের মাধ্যমে তিনি দায়িত্বশীল নেতৃত্বের ইতিবাচক বার্তা দিচ্ছেন।


এ ধরনের চর্চা সরকার ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেয়।

গত ৯ মাসে তারেক রহমানের সরকার বিভিন্ন খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং অগ্রগতি অর্জন করেছে।


ব্যাংকিং খাতে ঋণ আদায়ের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে।


পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিপুল পরিমাণ ঋণের কারণে অতিরিক্ত পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সরকার পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


রপ্তানি খাতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মানও শক্তিশালী হয়েছে এবং গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক দুই হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। পাশাপাশি কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ এবং সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হয়েছে।


স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


শিক্ষা খাতেও সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা, শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন।


এ ছাড়া এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে সরকার দুই হাজার কোটি টাকা ছাড় করেছে।


ধর্মীয় কল্যাণ খাতে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।


প্রবাসী বাংলাদেশিদের সেবা ও কল্যাণমূলক সুবিধা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থা, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির ব্যবস্থার ফলে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ যথাক্রমে দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমার মতো প্রধান ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন।


সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সরকারি যানবাহন কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে।


প্রধানমন্ত্রীর চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্ত সরাসরি জিডিপি বৃদ্ধি বা মূল্যস্ফীতি হ্রাসে ভূমিকা না রাখলেও রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সম্পর্ক জোরদারে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


এদিকে সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থা আবারও গতিশীল হতে শুরু করেছে। সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও প্রাতিষ্ঠানিক নজরদারির বিষয়গুলো আরও দৃশ্যমান হয়ে উঠছে।

প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ সংসদীয় ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক চর্চা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টারই ইঙ্গিত দেয়। এসব অগ্রগতি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ এবং সরকারি প্রশাসন পরিচালনায় সরকারের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে।


তারেক রহমান এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক নাগরিক তাঁর অবিচ্ছেদ্য মৌলিক অধিকার ভোগ করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।


তারেক রহমান স্বপ্নের মধ্যে আরও রয়েছে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বৈশ্বিক মূলধারায় প্রতিষ্ঠিত করা।


সামগ্রিকভাবে এসব উদ্যোগ ও প্রত্যাশার মধ্য দিয়ে দায়িত্বশীল নেতৃত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ, গণতান্ত্রিক জবাবদিহি এবং টেকসই জাতীয় উন্নয়নের প্রতি গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে।


বাসস/ টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝