আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।
দলটির দাবি, মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় এসে মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে তারা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।
এক যৌথ বিবৃতিতে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এ ধরনের অগ্নিসংযোগ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
তারা বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। আগুন-সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নেতারা আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট শক্তিগুলো আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।
দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
এসএস