লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ জন নেতাকর্মী পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের আবেদন করা নেতারা চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে নির্বাচিত সভাপতিও রয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগপত্রে ৩১ জনের স্বাক্ষর থাকলেও তা জমা দিতে এসেছেন ১০ জন।
পদত্যাগের আবেদন করা নেতারা হলেন সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্রঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহসম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো. ইব্রাহিম ও তছলিম মিঝি। তাঁরা সবাই চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা।
জাকির হোসেন সুমন বলেন, জাবেদ বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নারীকেলেঙ্কারির ঘটনায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তাঁর কারণে দলের বদনাম হয়েছে। সেই অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করায় আমাদের পাশাপাশি দলেরও বদনাম হচ্ছে। এ কারণে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাঁদের পদত্যাগপত্র আপাতত আমার কাছে রেখেছি। সাংগঠনিকভাবে তা গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
প্রসঙ্গত, পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে এক বিবাহিত নারীকে নিয়ে চলে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদর (পশ্চিম) উপজেলা বিএনপি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে স্বাক্ষর করেন উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।
আরএইচ/আরএন