নাটোরের দত্তপাড়া এলাকায় মুখোশধারীদের গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনটি মাইক্রোবাসে করে এসে অন্তত ৩০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। একই রাতে জেলার লালপুরে মশাল মিছিল ও বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারীরা তিনটি মাইক্রোবাসে করে দত্তপাড়া এলাকায় আসেন। সেখানে স্লোগান দিয়ে মিছিল করার পাশাপাশি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মাইক্রোবাস নিয়ে ঢাকার দিকে চলে যান।
গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং কতটি ককটেল বিস্ফোরিত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, একই রাতে লালপুরে যুবলীগের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
তবে দত্তপাড়ায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এসএস