নেত্রকোনার সদর উপজেলায় দুই অটোরিকশাচালকের মধ্যে বিরোধ থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহত আবু তাহের নেত্রকোনা পৌর শহরের কসবা এলাকার মৃত আরশাদ আলী ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় চাচাতো বোনের বৌভাতের অনুষ্ঠান শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আবু তাহের। অটোরিকশাটি চালাচ্ছিলেন সুমন মিয়া। পথে শিবপ্রসাদপুর এলাকায় পৌঁছালে আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। অন্য অটোরিকশাটি চালাচ্ছিলেন শরীফ নামের এক ব্যক্তি।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শরীফ সুমনকে মারধর করতে থাকেন। এ সময় শরীফের চিৎকারে তাঁর বাড়ি থেকে চার-পাঁচজন ব্যক্তি বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে এসে সুমনকে মারধর করেন।
সুমনকে রক্ষা করতে এগিয়ে গেলে আবু তাহেরের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন শরীফ। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্য যাত্রীরা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন শেষে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করবেন।
এদিকে, ঘটনার পর দুই অটোরিকশাচালক পলাতক রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস