খুলনার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে ২৮ কেজি হরিণের মাংসের পাশাপাশি দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এসএম/এসএস