ভাঙা সেতুর কারণে সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। এর মধ্যেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রুদ্রপুর বাজারের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকজন ব্যবসায়ী ও দুটি পরিবার।
রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের খালপাড়ের সারিবদ্ধ দোকানগুলোতে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রক্ষা করা যায়নি অধিকাংশ দোকান ও বসতঘর।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসির দিক থেকে প্রথম আগুনের কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় তাঁর নিজের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আরেক ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। বাজারের অন্য পাশে দোকান থাকায় তাঁর প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। তবে চোখের সামনে অনেক ব্যবসায়ীকে সর্বস্ব হারাতে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, এগারগ্রাম এলাকার সেতুটি ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে যেতে পারেনি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। আগুনে দুটি পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছে।
এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু এগারগ্রাম এলাকার সেতু ভাঙা থাকায় বড় গাড়ি নিয়ে সরাসরি সেখানে যাওয়া সম্ভব হয়নি।
পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার পাশাপাশি ভাঙা সেতুটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এফএস