ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে কুপিয়ে হত্যার কয়েক ঘণ্টার ব্যবধানে গণপিটুনিতে মেহেদী হাসান (৩১) নামে আরেক যুবক নিহত হয়েছেন। সুরুজ্জামান হত্যায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দেন। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার ভাই।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় সুরুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। পরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হয়েছিলেন সুরুজ্জামান। মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁর পথরোধ করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তাঁরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুরুজ্জামানের পরিবারের দাবি, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই মেহেদী হাসান জড়িত বলে অভিযোগ করেছেন স্বজনেরা। জাহাঙ্গীর আলম স্থানীয় যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
সুরুজ্জামান হত্যার ঘটনায় উত্তেজনার মধ্যে গভীর রাতে মেহেদী হাসানকে ধরে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, একই ঘটনায় পরপর দুটি হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এফএস