চট্টগ্রামের ফটিকছড়িতে খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাইম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেক নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম স্থানীয় বাসিন্দা আকতার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়ত।
জানা যায়, বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইম। এ সময় অসাবধানতাবশত পাশের একটি ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, সেপটিক ট্যাংকটির ঢাকনা প্রায় ছয় মাস ধরে খোলা ছিল। বিষয়টি একাধিকবার ভবন মালিককে জানানো হলেও তা ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়নি।
ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
খোলা সেপটিক ট্যাংক ও নিরাপত্তাহীন স্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এফএস