নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে রক্তাক্ত জখম এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর দুই সহযোগী ও একজন ভ্যানচালককে নিয়ে সুপারি কেনার উদ্দেশ্যে ভ্যানে করে আত্রাই হাটে যাচ্ছিলেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁদের পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে হত্যার ভয় দেখায় এবং তাঁদের রক্তাক্ত জখম করে। পরে তাঁদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা করেন।
এসআরবি জানায়, ঘটনার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার ইপিজেড মোড় এলাকায় অভিযান চালিয়ে শাকিল ইসলামকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএইচ/এসএস