ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
X

চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত রোজি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে (৪৮) দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

সোমবার দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার আশরাফুল সিপিপি-২ ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ জানায়, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বসতবাড়ির দক্ষিণ পাশে একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রোজি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগীর বড় ভাই মো. আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে উঠে আসে, ভুক্তভোগী রোজি আক্তারকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর প্রতিবেশী আবদুল মান্নান তাকে উত্ত্যক্ত করতেন। ঘটনার রাতে মান্নান ও নাছির তাকে জোরপূর্বক একটি দোকানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ি ফেরার পথে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে। এ সময় অন্য দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে মামলার তদন্তে উল্লেখ করা হয়।

মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন নাছির। দীর্ঘদিন তিনি ওমানে অবস্থান করেন। পরবর্তী সময়ে নিজের প্রকৃত পরিচয় গোপন করে মো. আজম নাম ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

এসআরবি-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নাছির হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝