সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে দুই মাসে ৮২ কোটি ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর রিজিয়নের পক্ষ থেকে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযানে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ কেজি ১৩ গ্রাম হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা এবং ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিলসহ মোট ৫১ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে।
এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। আটক করা পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি।
তিনি আরও জানান, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বিওপি ক্যাম্প রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে।
এমজেডআর/আরএন