আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কার করা হবে। পাশাপাশি খেলোয়াড়দের জন্য সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজানো এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর মান উন্নয়নে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ নতুন ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীত গৌরবের কথা স্মরণ করে আমিনুল হক বলেন, এ অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নওগাঁ জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটিসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
খেলোয়াড়দের পেশাগত ও সামাজিক নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে একটি সম্মানজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে জাতীয় পর্যায়ের তিন শতাধিক কৃতি ক্রীড়াবিদকে সরকারি ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের ক্রীড়াজীবন শেষে যেন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়তে না হয়, সে জন্য সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও সাবেক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রসঙ্গে তিনি জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের পর জনগণের ঐক্যবদ্ধ রায়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও একটি মহল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না।
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এর মাধ্যমে একটি সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক।
এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলাকে ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা জয়লাভ করে।
কেএইচ/আরএন